নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম
বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে যৌথ উদ্যোগ জোরদারে গুরুত্বারোপ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে এসব উদ্যোগে গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সৌর ও জলবিদ্যুৎ খাতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে উভয়পক্ষ গুরুত্ব দেয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় ৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও পারস্পরিক বাণিজ্যের হার মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা সম্ভাবনার তুলনায় অত্যন্ত কম। এই প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭৮ মামলা
তিনি আরও বলেন, আঞ্চলিক সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় স্বল্প দূরত্বে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মতো উদ্যোগ দুই দেশের জন্যই লাভজনক হতে পারে।
ভুটানের রাষ্ট্রদূত নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্ক ইতোমধ্যে দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত করা সম্ভব।
তিনি উল্লেখ করেন, বুড়িমারি সীমান্ত থেকে ভুটানের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার হওয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ যথেষ্ট।
রাষ্ট্রদূত আরও জানান, ভুটানের অনেক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করছেন এবং দেশে ফিরে স্বাস্থ্যসেবায় অবদান রাখছেন। এতে করে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ও জোরদার হচ্ছে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং ভুটানের মিনিস্টার কাউন্সিলর (ট্রেড) দাওয়া শেরিং উপস্থিত ছিলেন।
এমআর/এআরএম