নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পিএম
জাতীয় সংসদের আজকের অধিবেশনে বক্তা সংকট দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী অনুপস্থিতির থাকায় এটা হচ্ছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে সংসদ সদস্যরা বক্তব্য দিতে বেশি আগ্রহী হন, কিন্তু তিনি না থাকলে সেই আগ্রহ কমে যায়।
সোমবার (২৭ এপ্রিল) সংসদ অধিবেশনে স্পিকারের সঙ্গে কথোপকথনে এ বিষয়টি তুলে ধরেন তিনি।
সংসদে বক্তব্য দেওয়ার তালিকার কথা উল্লেখ করে চিফ হুইপের উদ্দেশে স্পিকার বলেন, এই যে তালিকা দেন প্রথমে ছাপানো, তারপরে হাতে লেখা, কিন্তু বক্তা তো পাওয়া যায় না।
এর জবাবে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, মাননীয় স্পিকার, আজ সংসদ সদস্যদের যে তালিকা দিয়েছি, সবার সঙ্গে আমার কম-বেশি কথা হয়েছে এবং আমাদের হুইপবৃন্দ সবার সঙ্গে কথা বলেছেন। কথা বলেই তালিকা দেওয়া হয়েছে এবং তার সবাই ভালো করেই জানে।
চিফ হুইপ বলেন, কিন্তু একটা সমস্যা হয়েছে কী, আজ মাননীয় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত নেই। তিনি সংসদের প্রাণ, তিনি থাকলে সবাই তাকে বক্তব্য শোনাতে চান। এজন্য আমরা অনেক বক্তা পাই না।
আরও পড়ুন
এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার
বিশেষ অধিকারের দুই নোটিশ খারিজ করলেন স্পিকার
নূরুল ইসলাম মণি বলেন, আজ সংসদ সদস্য যারা আছেন, তারা যদি বক্তব্য দেন, আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বক্তব্য পৌঁছে দেওয়ার।
এরপর চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে স্পিকার বলেন, মাননীয় চিফ হুইপ, আমি প্রথম সারিতে মাত্র তিনজন মন্ত্রীকে দেখতে পাচ্ছি এবং এখানে অনেক সংসদ সদস্য তাদের এলাকার কথা বলেন, এগুলো মন্ত্রীদের শোনা প্রয়োজন। আপনি আমাদের পক্ষে থেকে মন্ত্রীদের অনুরোধ করবেন, তারা যাতে সংসদ এসে সংসদ সদস্যদের কথা বার্তা শোনেন।
জবাবে চিফ হুইপ বলেন, আজকের যে এখানে মন্ত্রী নাই তার একমাত্র কারণ হলো সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে আছেন। তারা সবাই রাষ্ট্রীয় কাজে আছেন। বাকি সকল মন্ত্রী দ্বিতীয় সারি, তৃতীয় সারিতে উপস্থিত আছেন। প্রায় ৩০-৪০ জনের মতো মন্ত্রী এখানে আছেন।
এরপর স্পিকার বলেন, সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সংসদ অধিবেশনে উপস্থিত থাকা। এরচেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।
এমএইচএইচ/জেবি