নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পিএম
রাজধানীর গোলাপ শাহ মাজার থেকে চকবাজার পর্যন্ত সড়কটি বিখ্যাত ইসলামি রাজনীতিবিদ এবং দেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে আবারও নামকরণ করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসি) সড়কের নামটি পুনর্বহাল করছে।
আগামী রোববার (২৬ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং বিএনপি নেতা আব্দুস সালাম এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ইতোমধ্যে ওই সড়কে নামফলক লাগানোর কাজ শুরু হয়েছে।
বিএনপি নেতা সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকার মেয়র থাকাকালে রাজধানীর বিভিন্ন সড়ক বিশিষ্ট ব্যক্তিদের নামে নামকরণের উদ্যোগ নেন। সেই ধারাবাহিকতায় তিনি ওই সড়কটির নামকরণ করেন হাফেজ্জী হুজুর সড়ক।
তবে ২০১৭ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এই নামকরণ বাতিল করে। ওই বছরের ২২ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে হাফেজ্জী হুজুর ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম খতিব মুফতি আমিমুল ইহসান রহ.-এর নামে সড়কের নামকরণ বাতিল করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ নির্দেশনা অনুযায়ী সড়ক দুটির সব স্থাপনা থেকে নাম দুটি মুছে ফেলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
পত্রিকায় প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টের ৫৫৩১/২০২১ নং রিট পিটিশনের আদেশের সঙ্গে সংযুক্ত তালিকার ১৪নং ক্রমিকে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী সড়ক দুটির নামকরণ বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এটি নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয় নানা মহল থেকে। আন্দোলন কর্মসূচিও পালিত হয়। কিন্তু আওয়ামী লীগ সরকার কোনো দাবিই তোয়াক্কা করেনি। তবে চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে যায় দৃশ্যপট। গত বছরের ডিসেম্বরে রাজধানীর উত্তরার কসাইবাড়ী থেকে কাচকুড়া বাজার পর্যন্ত রাস্তাটি সরকারিভাবে ‘হাফেজ্জী হুজুর (রহ.) রোড’ নামে ঘোষিত হয়। এবার দক্ষিণ সিটিও একটি সড়কে হাফেজ্জী হুজুরের নাম পুনর্বহাল করছে।
জেবি