images

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পিএম

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার (১৯ এপ্রিল) রাতে তুরস্কে আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী চলমান পরিস্থিতি বিষয়ে বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং মতপার্থক্য নিরসনে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই গঠনমূলক অবস্থানের প্রশংসা করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রার নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম নিশ্চিত করতে ইরানের সহযোগিতা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. খলিলুর রহমান বলেন, ‘হরমুজ প্রণালি অতিক্রমের জন্য যেসব ছয়টি দেশের জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে, তার মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় আমরা কৃতজ্ঞ।’

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে দুই নেতা নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন।

এসএইচ/এফএ