জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়ম ও ‘হরিলুটের’ অভিযোগ বিষয়ে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট কেনাকাটার সব ধরনের বিল পরিশোধ আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (২০ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন মাধ্যমে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সচিবালয়ের ক্রয়প্রক্রিয়া নিয়ে যে অভিযোগ ওঠে, তা কর্তৃপক্ষের নজরে এসেছে। এ প্রেক্ষিতে দ্রুত একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, যা বিষয়টি খতিয়ে দেখবে।
জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তদন্ত প্রতিবেদন পাওয়া না পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমের কোনো বিল পরিশোধ করা হবে না।
এর আগে এদিন বিভিন্ন গণমাধ্যমে সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তদন্ত কমিটির মাধ্যমে এসব অভিযোগের সত্যতা যাচাই করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
টিএই/এফএ




