নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব ব্যাপক আকারে পড়তে শুরু করেছে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ সারির কারণে সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। এতে যাত্রী ও পরিবহন চালকদের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মেরুল বাড্ডা থেকে শাহজাহানপুর পর্যন্ত সড়কের দুই পাশে পেট্রোল পাম্পকেন্দ্রিক দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে। এসব সারিতে ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক ও মোটরসাইকেলের উপস্থিতি ছিল বেশি। তেল সংগ্রহের অপেক্ষায় যানবাহনগুলো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় পুরো সড়কজুড়ে ধীরগতির যানচলাচল এবং কোথাও কোথাও স্থবির পরিস্থিতির সৃষ্টি হয়।
শুধু বাড্ডা এলাকা নয়, রাজধানীর আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন যাত্রীরা। পাম্পে তেল নিতে আসা যানবাহনের সারি সড়কে ছড়িয়ে পড়ায় সাধারণ যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে অফিসগামী মানুষসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা পড়ছেন চরম দুর্ভোগে।

ভুক্তভোগী এক যাত্রী সায়েম বলেন, পাম্পগুলোতে তেল নিতে আসা গাড়ির সারি রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে। এতে সাধারণ মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে দীর্ঘ যানজট মিলিয়ে পরিস্থিতি খুব কষ্টকর হয়ে উঠেছে।
আরেক যাত্রী জানান, অনেক ক্ষেত্রে পাম্পের সামনে যানবাহনের সারি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকায় সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে গণপরিবহনও নির্ধারিত সময়সূচি মেনে চলতে পারছে না।
পরিবহন সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল সংগ্রহে অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হওয়ায় অনেক চালক আগেভাগেই পাম্পে ভিড় করছেন। ফলে পাম্পকেন্দ্রিক এই অতিরিক্ত চাপ সড়কজুড়ে যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় দ্রুত সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করা এবং পেট্রোল পাম্পের সামনে যানবাহনের সারি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এমআর/এফএ