images

জাতীয়

রেলওয়েতে স্টারলিংকের বদলে নিজস্ব অপটিক্যাল ফাইবার ব্যবহারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম

রেলপথে যাত্রীদের জন্য নিরবিচ্ছিন্ন, সাশ্রয়ী ও নিরাপদ ইন্টারনেট সেবা নিশ্চিত করতে বিদেশি স্যাটেলাইটনির্ভর প্রযুক্তি ‘স্টারলিংক’র পরিবর্তে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ব্যবহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, চলন্ত ট্রেনে ইন্টারনেট সেবা প্রদানে বিদেশি স্যাটেলাইটনির্ভর প্রযুক্তির ওপর নির্ভরশীলতা ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদে টেকসই নয়। এর পরিবর্তে দেশের বিদ্যমান ফাইবার অবকাঠামো ব্যবহার করেই অধিক কার্যকর ও সাশ্রয়ী সমাধান বাস্তবায়ন করা সম্ভব।

তিনি আরো বলেন, বাংলাদেশ রেলওয়ের নিজস্ব অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এটিকে সঠিকভাবে কাজে লাগিয়ে স্টেশনভিত্তিক ও ট্রেনভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা হলে যাত্রীরা নিরবিচ্ছিন্ন সংযোগ পাবেন এবং একই সঙ্গে রেলওয়ের জন্য নতুন রাজস্বের সুযোগ তৈরি হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রেলপথ বরাবর বিদ্যমান ফাইবার নেটওয়ার্ককে ব্যাকবোন হিসেবে ব্যবহার করে প্রতিটি স্টেশনে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করা সম্ভব। পাশাপাশি চলন্ত ট্রেনে ইন্টারনেট নিশ্চিত করতে ট্র্যাকসাইড LTE/5G নেটওয়ার্ক ও অনবোর্ড Wi-Fi প্রযুক্তির সমন্বিত ব্যবহার কার্যকর সমাধান হতে পারে। এতে ব্যয় কমবে, ডাটা নিরাপত্তা নিশ্চিত হবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও কমবে।

সংগঠনটি মনে করে, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে দ্রুত একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হলে এই উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে। একই সঙ্গে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলের মাধ্যমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করলে সেবাটি আরো দ্রুত ও দক্ষতার সঙ্গে চালু করা সম্ভব হবে।

এমআর/এফএ