images

জাতীয়

ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে এগিয়ে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ পিএম

দেশে ডিজিটাল সংযোগ ও প্রযুক্তি ব্যবহারে অঞ্চলভেদে বড় ধরনের বৈষম্য রয়ে গেছে। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম বিভাগ ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারে এগিয়ে রয়েছে, তবে ময়মনসিংহ ও রংপুর বিভাগ এখনো পিছিয়ে আছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘আইসিটি এক্সেস অ্যান্ড ইউজ সার্ভে ২০২৪-২৫’-এর তথ্য বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, খানা বা পরিবার পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ৬৫.৪ শতাংশ। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে এই হার ৬৩.৪ শতাংশ। সিলেট বিভাগে ইন্টারনেট ব্যবহারের হার ৫৪.৯ শতাংশ, যা জাতীয় গড়ের কাছাকাছি অবস্থানে রয়েছে। তবে ময়মনসিংহ বিভাগে এই হার মাত্র ৩৭.৮ শতাংশ, যা দেশের মধ্যে সর্বনিম্ন।

বিশ্লেষণে দেখা যায়, অবকাঠামো, আয়ের স্তর এবং শহরকেন্দ্রিক সুযোগ-সুবিধার কারণে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ ডিজিটাল সংযোগে এগিয়ে রয়েছে। বিপরীতে অপেক্ষাকৃত কম উন্নত অবকাঠামো ও সীমিত সুযোগের কারণে ময়মনসিংহ ও রংপুর বিভাগ পিছিয়ে পড়েছে।

স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে। পরিবারভিত্তিক স্মার্টফোন ব্যবহারে চট্টগ্রাম বিভাগ শীর্ষে রয়েছে ৮৬.১ শতাংশ নিয়ে, আর ঢাকায় এই হার ৮২.৪ শতাংশ। ব্যক্তিপর্যায়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও ঢাকা (৬৬.১ শতাংশ) এবং চট্টগ্রাম (৬৫.৪ শতাংশ) প্রায় সমানভাবে এগিয়ে রয়েছে।

অন্যদিকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের ক্ষেত্রে ব্যক্তিগত ও পারিবারিক উভয় পর্যায়েই ইন্টারনেট ব্যবহারের হার ৪০ শতাংশের আশেপাশে বা তার নিচে অবস্থান করছে, যা ডিজিটাল বিভেদের স্পষ্ট ইঙ্গিত দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সামগ্রিক ডিজিটাল অগ্রগতি সত্ত্বেও অঞ্চলভিত্তিক এই বৈষম্য কমাতে অবকাঠামো উন্নয়ন, সাশ্রয়ী ইন্টারনেট এবং প্রযুক্তি শিক্ষার প্রসার জরুরি।

এএইচ/এএস