images

জাতীয়

সরকারি খাতে শূন্য পদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা, নিয়োগ হবে ধাপে ধাপে

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল ২০২৬, ১২:০৬ পিএম

সরকারি খাতে শূন্য পদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ধাপে ধাপে এসব পদে নিয়োগ দেওয়া হবে।

সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সরকারি দলের সদস্য সরওয়ার জামাল নিজামের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রতিমন্ত্রী জানান, আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

এছাড়া কর্মপরিকল্পনায় বর্ণিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারীর নিয়োগ’ বিষয়ে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পত্র দেওয়া হয়েছে বলে জানান তিনি।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত ‘স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪’ অনুযায়ী, সব মন্ত্রণালয় ও সরকারি অফিসের মোট শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।

এর মধ্যে ১ম গ্রেড থেকে ৯ম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, ১০ম থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি, ১৭তম থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক- যারা বিভিন্ন শ্রেণিতে অবস্থান করছেন- এমন ৮ হাজার ১৩৬টি শূন্যপদ রয়েছে।

এমআই