images

জাতীয়

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ এপ্রিল ২০২৬, ১২:০৫ পিএম

পহেলা বৈশাখকে কেন্দ্র করে রমনা বটমূলে আপাতত কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ। 

সোমবার (১৩ এপ্রিল) সকালে রমনার বটমূলের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ ও পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

কেডি হাসপাতালে সাম্প্রতিক চাঁদাবাজির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হাসপাতালটিতে সম্প্রতি ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদা না দিলে তারা ভয়ভীতি প্রদর্শন করে।

এছাড়া সম্প্রতি মোহাম্মদপুরের এর ঘটনায় তাকে প্রশ্ন করা হলে আহসান হাবীব বলেন, সব দায় কেন আমরা নিব। আমি দায় নিব না। অপরাধী পেলে গ্রেফতার করব। তার বিরুদ্ধে ১৮ মামলা থাকার পরও সেই অপরাধী কিভাবে জামিন পায়! 

র‌্যাবের মহাপরিচালকের কুষ্টিয়ার ঘটনায় প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ঘটনায় মামলা হলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। তবে র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত করছে বলেও জানান তিনি। 

এ সময় সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সার্বিক হুমকি রয়েছে এমন কোনো ধরনের তথ্য অথবা কোনো ধরনের হেনস্তার শিকার হলে কর্তব্যরত র‌্যাব বা অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানাবেন। অভিযোগের প্রেক্ষিতে কঠোরহস্তে জড়িতদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে বাংলা নববর্ষকে কেন্দ্র করে কোনো ধরনের সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে নাশকতাকারীদের যে কোন অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত র্যাব। 

ভার্চুয়াল জগতে পহেলা বৈশাখে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে এজন্য র্যাবের সাইবার মনিটরিং টিম তাদের সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রেখেছে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে অনুষ্ঠান স্থলে আসা নারীদের উত্যোক্ত, ইভটিজিং, যৌন হয়রানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এ সময় র্যাব মহাপরিচালক আরও বলেন, পহেলা বৈশাখে কেন্দ্র করে সারা দেশের আবার ১৫ টি ব্যাটালিয়ন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিজ নিজ এলাকায় রেব ব্যাটালিয়নের সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করবে। এজন্য সারা দেশে ১৮১টি পিকআপ পেট্রোল, ১২১টি মোটরসাইকেল পেট্রোল ও সব মিলে ৩০৮ টি টহল টি এবং সাদা পোশাকে র্যাবের সদস্যরা মাঠে থাকবেন। 

পহেলা বৈশাখে কেন্দ্র করে কোন গোষ্টি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে এজন্য র্যাবের গোয়েন্দা টিমের সদস্যরা তৎপর রয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিকমিয়া এভিনিউ, বাংলা একাডেমি এবং রমনা বটমলসহ রাজধানীর যে সকল স্থানে পহেলা বৈশাখের অনুষ্ঠান হতে হচ্ছে সেসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। 

এ লক্ষ্যে পরীক্ষণ ও পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট এবং ডগস স্কোয়াড সুইপিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুইপিংয়ের পরিচালনার পাশাপাশি তাদেরকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে। পহেলা বৈশাখের দিন অনুষ্ঠান চলাকালীন সময়ে সারা দেশে থাকবে র‍্যাবের মনিটরিং রুম। এছাড়াও থাকবে ফুট ও মোটরসাইকেল পেট্রোল, চেক পোস্ট, সিসি টিভি মনিটরিং ব্যবস্থা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

এমআইকে/এআরএম