জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম
রাজধানী ঢাকার ফুটপাতের হকারদের উচ্ছেদ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে করছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। এতে আবারও হকারদের মধ্য অসন্তোষ তৈরি হয়েছে বলেও জানিয়েছেন সংগঠনটির নেতারা।
নেতারা এও বলেন, পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ মেনে নেবে না হকাররা। দ্রুত সমাধান না এলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলেও হুঁশিয়ারি করেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর সদরঘাটে হকার উচ্ছেদের প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
কর্মসূচিতে হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত বলেন, একদিকে ডিএসসিসি ও ডিএনসিসি প্রশাসকরা হকারদের পুনর্বাসনের আশ্বাস দিচ্ছেন, অন্যদিকে ডিএমপি কমিশনারের নির্দেশে চলছে উচ্ছেদ অভিযান— যা স্পষ্টতই পরস্পরবিরোধী অবস্থান তৈরি করেছে।
এই ‘দ্বৈত নীতি’ হকারদের জীবিকা নিয়ে অনিশ্চয়তা বাড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি এও অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে সাধারণ হকারদের ওপরই চাপ পড়ছে।
সেকেন্দার হায়াত বলেন, পুনর্বাসনের কোনো দৃশ্যমান ব্যবস্থা না নিয়ে উচ্ছেদ চালানো মানে হাজার হাজার পরিবারের রুটি-রুজির পথ বন্ধ করে দেওয়া হয়েছে। একদিকে আশ্বাস, অন্যদিকে বুলডোজার- এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
আরও পড়ুন: পুলিশি কড়াকড়ি ‘শিথিলের’ অপেক্ষায় হকাররা
হকার্স ইউনিয়নের নেতাদের দাবি, অবিলম্বে একটি সুস্পষ্ট ও সমন্বিত নীতিমালা প্রণয়ন করতে হবে, যেখানে হকারদের জন্য নির্দিষ্ট স্থান, লাইসেন্সিং ব্যবস্থা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ হকার্স ইউনিয়ন কোতয়ালী থানার উদ্যোগে এই কর্মসূচি হয়। সংগঠনের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহিন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান পাটোয়ারী, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রাফিউল ইসলাম, তুলসী দাস প্রমুখ।
এএম/এএইচ