রাজধানীতে হকার উচ্ছেদের নামে দমনমূলক অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।
সংগঠনটি বলছে, কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া হকারদের উচ্ছেদ করা তাদের জীবন-জীবিকার ওপর সরাসরি আঘাত এবং মানবাধিকারের লঙ্ঘন।
সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃততে হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত চলমান অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, হাজারো শ্রমজীবী হকার এই শহরের অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ, অথচ তাদের জীবিকার কোনো নিরাপত্তা নেই।
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়- জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে হকারদের জন্য কোনো সুস্পষ্ট আইন বা নীতিমালা নেই। এই শূন্যতার সুযোগে চলছে চাঁদাবাজি, হয়রানি ও দমন-পীড়ন।
অবিলম্বে হকার আইন প্রণয়ন করার জোর দাবি জানিয়ে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, হকারদের বৈধ স্বীকৃতি দিতে হবে, নির্দিষ্ট স্থান বরাদ্দ করতে হবে এবং টেকসই পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। উন্নয়নের নামে জীবিকা ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সেকেন্দার হায়াত বলেন, হকাররা অপরাধী নয়, তারা এই শহরের পরিশ্রমী মানুষ। তাদের অধিকার নিশ্চিত না করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। মানবিক নগর গড়তে হলে জীবিকা রক্ষার অধিকার নিশ্চিত করতেই হবে। অন্যথায় এই অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদ আরও জোরদার করা হবে।
বিবৃতিতে হকার্স ইউনিয়নের এই নেতা সকল শ্রমজীবী মানুষ, নাগরিক সমাজ ও প্রগতিশীল শক্তিকে হকারদের ন্যায্য দাবির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এএম/এএইচ

