images

জাতীয়

সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টায় সংসদ ভবনের পশ্চিম ব্লকের নবম তলায় অবস্থিত সরকার দলীয় সভাকক্ষে (কক্ষ নম্বর ৯৩২) এই সভা শুরু হয়। সভায় সরকার দলীয় সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়।

সভার শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় আগামী সংসদ অধিবেশনের কার্যক্রম, বিভিন্ন বিল ও প্রস্তাবনা পর্যালোচনা করা হয়। এ ছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

9978a8aa-30be-47f0-a8b2-e315dbc3ecda

সভা শেষে কয়েকজন সংসদ সদস্য সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং সংসদে সরকারের অবস্থান আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

এদিকে ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় জাতীয় সংসদ অধিবেশন এখন থেকে দিনে দুই বেলা (দুই সেশনে) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আজ মঙ্গলবার থেকে দিনে রাতে দুইবেলা সংসদ অধিবেশন চলবে।

জানা যায়, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো আইনে রূপান্তর করা প্রক্রিয়া শুরু হয়েছে। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। এর মধ্যে গতকাল ৬ এপ্রিল সাতটি বিল পাস হয়েছে। একইদিনে আরও তিনটি বিল উত্থাপিত হয়েছে। তবে, সেগুলোর ওপর বিরোধী দলের আপত্তি থাকায় পরবর্তী কার্যদিবসে আলোচনা শেষে সেগুলো পাস হতে পারে। 

সাংবিধানিক বাধ্যবাধকতায় আগামী ১২ তারিখের মধ্যে অধ্যাদেশগুলো বিল পাসের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য সময় স্বল্পতার কারণে মঙ্গলবার থেকে দিনে দুইবেলা অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে জানান, ১৩৩টি বিল পাসের বিশাল কর্মযজ্ঞ শেষ করতে মঙ্গলবার থেকে প্রতিদিন দুই সেশনে অধিবেশন চলবে। প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।

76d54978-7407-459a-a466-dc372577a286

এমনকি প্রয়োজন হলে আগামী শুক্রবারও অধিবেশন চালানোর প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান তিনি।