নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম
সরকার তিনজন উপসচিবকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ হজ অফিসে ‘সহকারী মৌসুমি হজ অফিসার’ হিসেবে নিয়োগ দিয়েছে। তারা জেদ্দা, মক্কা ও মদিনায় তিন মাস দায়িত্ব পালন করবেন।
সোমবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। এ জন্য তাদের চাকরি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (অনুদান ও অধিশাখা) মোহা. রুহুল আমিনকে জেদ্দায়, উপসচিব (হজ-২ শাখা) মো. রফিকুল ইসলামকে মদিনায় এবং উপসচিব (হজ-১ শাখা) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়াকে মক্কায় সহকারী মৌসুমি হজ অফিসার (দেশভিত্তিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রতি বছর হজ মৌসুমে হাজিদের সহায়তা ও ব্যবস্থাপনা সুচারু করতে অভিজ্ঞ কর্মকর্তাদের এ বিশেষ দায়িত্বে সৌদি আরবে পাঠায় সরকার।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৮ এপ্রিল।
এমআই