images

জাতীয়

সংস্কারের প্রকৃত ভিত্তি ছিল আমাদের প্রণীত আইন: আসিফ নজরুল 

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, তার দায়িত্বকালে প্রণয়ন করা বিভিন্ন আইনই ছিল প্রকৃত সংস্কারের ভিত্তি। এসব আইন প্রণয়নের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।

সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
 
সেখানে তিনি মানবাধিকার কমিশন, গুমসংক্রান্ত আইন, সুপ্রিম কোর্ট সচিবালয়, উচ্চ আদালতে বিচারক নিয়োগ এবং দুর্নীতি দমন কমিশনসংক্রান্ত আইনকে উল্লেখযোগ্য সংস্কারমূলক উদ্যোগ হিসেবে তুলে ধরেন।

আরও পড়ুন: নেতারা সরকারে, ঝিমিয়ে পড়ছে দল!

তিনি বলেন, ওই সময় অনেকেই সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং কেউ কেউ এসব উদ্যোগকে ‘অধ্যাদেশের সরকার’ বলে সমালোচনা করেছিলেন। তবে এখন পরিস্থিতি বদলেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন মহল থেকে এসব আইন বহাল রাখার দাবিতে সোচ্চার হওয়া শুরু হয়েছে।

সরকারের ভেতরে নানা প্রতিকূলতা মোকাবিলা করেই এসব আইন প্রণয়ন করতে হয়েছে বলেও জানান তিনি। আইন প্রণয়নের প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ের একটি দক্ষ দল দিনরাত কাজ করেছে, নিয়মিত গবেষণা ও আলোচনা হয়েছে এবং বারবার খসড়া সংশোধন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এমনকি সুপ্রিম কোর্ট সচিবালয় আইন প্রণয়নের ক্ষেত্রে পদত্যাগের হুমকি পর্যন্ত দিতে হয়েছিল বলেও জানান সাবেক এই উপদেষ্টা।

তিনি আরও বলেন, এসব প্রচেষ্টা বৃথা যাবে না বলে তার বিশ্বাস। রাজস্ব, আর্থিক ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ও পরিবেশ খাতেও কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এসব আইন ভবিষ্যতেও বহাল রাখতে সবাই সচেতন থাকবেন।

এমআর/এআরএম