images

জাতীয়

‎রাজধানীতে পার্কের ভেতর যুবদল নেতা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল ২০২৬, ১২:০২ পিএম

‎রাজধানীর কোতোয়ালি এলাকায় পার্কের ভেতর দুর্বৃত্তদের গুলিতে রাসেল নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

‎শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টায় কোতোয়ালী থানার নয়াবাজার পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

‎গুলিবিদ্ধ রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য। তিনি রাজধানীর শ্যামপুরের আরসিং গেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

‎আহত যুবদল নেতা রাসেলের বন্ধু রিপন দাস জানান, রাতে নয়াবাজার পার্ক এলাকায় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। ঘটনার পরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে নয়াবাজার এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে গুলির আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসার পর স্বজনরা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

‎এ ঘটনায় কোতয়ালী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান বলেন, গতকাল শুক্রবার পার্কে গুলির ঘটনায় যুবদল নেতা আহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ কিংবা মামলা করেনি।

‎একেএস/এএস