নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৬, ১১:৫৪ এএম
আসন্ন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে ভোটের দিন এ দুই আসনের নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এ সংক্রান্ত চিঠি থেকে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং শেরপুর-৩ নির্বাচনি এলাকার নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন নির্বাচনি এলাকার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ কর্তৃক স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।
এতে আরও বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং শেরপুর-৩ নির্বাচনি এলাকার নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৯ এপ্রিল বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এমএইচএইচ/এমআই