নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৬, ১২:২০ এএম
দেশব্যাপী জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ মজুদদারি প্রতিরোধ এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে সরকার জোরদার তদারকি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে দেশের ৬২টি জেলায় একদিনে মোট ২৯৩টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৭৮টি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বমোট ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থাকে স্বচ্ছ ও কার্যকর রাখতে জেলা পর্যায়ে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে। মাঠ প্রশাসনের সহায়তায় পরিচালিত এসব অভিযানে পেট্রোল পাম্প, ডিপো, পরিবহন ব্যবস্থা এবং খুচরা বিক্রয় পর্যায়ে অনিয়ম প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোথাও কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মজুত বা নির্ধারিত দামের বেশি আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন। একই ধারাবাহিকতায় আগামীকালও ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সরকারি সূত্র আরও জানায়, জ্বালানি খাতে যেকোনো ধরনের অনিয়ম দ্রুত শনাক্ত ও প্রতিরোধের লক্ষ্যে দেশের ৬৪টি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং এসব টিমের যোগাযোগ নম্বরও প্রকাশ করা হয়েছে। কোথাও জ্বালানি তেল সংক্রান্ত অনিয়ম, অবৈধ মজুদদারি বা সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে সংশ্লিষ্ট ভিজিলেন্স টিমের নম্বরে দ্রুত তথ্য দেওয়ার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, প্রশাসনের তৎপরতা ও জনসচেতনতার সমন্বয়ে বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ পাবে না অসাধু চক্র।
এমআর/এমআই