images

জাতীয়

ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী, সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ ২০২৬, ১০:২৩ এএম

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করেন। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করছেন।

সকাল থেকে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান।

গত ২১ মার্চ (শনিবার) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। পবিত্র এই উৎসব নির্বিঘ্নে পালনের জন্য গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাতদিন দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার।

ছুটি শেষে মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকেই সচিবালয়ে আসতে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। নির্ধারিত সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের নিজ অফিসে উপস্থিত হন।

sec-20260324091301

সরেজমিনে দেখা যায়, অফিস খোলার দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা কুশল বিনিময় করেন। অনেককে কোলাকুলি করতেও দেখা গেছে। ঈদের দীর্ঘ ছুটির পর সচিবালয়জুড়ে ফিরেছে প্রাণচাঞ্চল্য।

কেউ কেউ ব্যাগ হাতে গ্রাম থেকে সরাসরি অফিসে এসে যোগ দিয়েছেন। তাদের কথায় ছিল ঈদের আনন্দের রেশ। অফিসের স্বাভাবিক কার্যক্রমও শুরু হয়েছে পুরোদমে। অনেকেই বলছেন, আজকের দিনটি মূলত অফিস খোলার আনুষ্ঠানিকতা ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাতের দিন হিসেবে কাটছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন,‘ঈদের ছুটি শেষে মাননীয় প্রধানমন্ত্রী সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে তার দফতরে এসেছেন।  সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হন। অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী তার দাফতরিক কাজ শুরু করেন।’

বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মূখ সচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

দিনের কর্মসূচিতে ছিলো আন্তর্জাতিক মুদ্র তহবিল (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কৃষ্ণা শ্রীনিবাসন।

এ সময়ে অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপর দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং চ্যালেঞ্জ নিয়ে একটি বৈঠকে অংশ নেবেন তিনি।

বেলা ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা ‘যানজট’ নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে একটি বিশেষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেবেন।

বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

এমআই