images

জাতীয়

‘ঈদ নেই’ সাংবাদিকসহ যেসব পেশার মানুষের

মো. মেহেদী হাসান হাসিব

২১ মার্চ ২০২৬, ০১:২১ পিএম

সারাদেশ যখন ঈদের আনন্দে মেতে ওঠে, ঠিক তার বিপরীতে থাকে সাংবাদিক, ডাক্তার, আইনশৃঙ্খলা বাহিনীসহ নানা পেশার মানুষ। অন্যদের ঈদকে সুন্দর করতে এসব পেশার মানুষ নিজেদের ঈদের আনন্দটুকু বিলিয়ে দেন।

শুক্রবার (২০ মার্চ) সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, সাংবাদিক, ডাক্তার ও আইনশৃঙ্খলা বাহিনী—এগুলো জরুরি সেবার আওতায় পড়ে। যার কারণে ঈদে সবাই ছুটি পেলেও এসব পেশার মানুষদের ঈদের আনন্দ বিসর্জন দিতে হয়, যাতে অন্যরা আনন্দের সঙ্গে ঈদ করতে পারে।

জ্যেষ্ঠ সাংবাদিক বোরহান উদ্দিন বলেন, সবকিছু ছুটি থাকলেও সংবাদের ছুটি থাকে না। সাধারণ মানুষ ছুটির দিনেও খবর চায়। দেশের কোথাও কী হচ্ছে তা জানতে চায়, এজন্য সাংবাদিকদের ঈদ থাকে না।

রবিউল ইসলাম একজন পুলিশ কর্মকর্তা। তিনি ঢাকার একটি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে রয়েছেন। তার সঙ্গে কথা হলে তিনি ঢাকা মেইলকে বলেন, আমাদের ঈদের আনন্দ আসে ধাপে ধাপে। যেমন ধরুন, ঈদের মধ্যে আমরা সবাই একসঙ্গে ছুটি পাই না। আমাদের মধ্যে কেউ ছুটি পায়, আবার কেউ ঈদের পর ছুটি পায়। অনেকে তাও পায় না। জরুরি প্রয়োজনে ছুটি বাতিল করে চাকরিতে যোগদান করতে হয় দেশের স্বার্থে।

16

তিনি আরও বলেন, সব সরকারি চাকরিজীবীদের ছুটি হয়েছে ১৭ তারিখ, আর আমাদের যাদের ছুটি মঞ্জুর হয়েছে তাদের অনেকের গতকাল হয়েছে। দেশের মানুষ যদি শান্তিতে ঈদ পালন করতে পারে, এটাই আমাদের কাছে ঈদ।

ডাক্তারদের ঈদ কেমন কাটে জানতে চাইলে ডা. আবদুর রহমান জানান, ঈদ উৎসব চিকিৎসকদের জন্যও বিশেষ আনন্দ ও ব্যস্ততার মিশ্রণ।

তিনি বলেন, আমাদের অনেকেই এই সময় পরিবারের সঙ্গে কাটাতে চাই, তবে হাসপাতাল ও জরুরি সেবার দায়িত্বও অব্যাহত থাকে। তাই ঈদ উদযাপন সাধারণ মানুষের মতো না হলেও, রোগীদের সেবা নিশ্চিত করা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবুও সহকর্মীদের সঙ্গে ছোট ছোট মিলনমেলা, স্বল্প সময়ের জন্য পরিবারের সঙ্গে থাকা এবং রোগীদের সুস্থতার আনন্দ আমাদের ঈদকে বিশেষ করে তোলে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন পরিচ্ছন্নতাকর্মী মাসুম ঝিগাতলা, ট্যানারি মোড় ও এর আশপাশের এলাকার আবাসিক ভবন থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করেন। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, একদিন না আসলে পেটে ভাত জুটবে না। এছাড়া ঈদের ছুটিতে অনেকে বাড়ি গেলেও তাদের বাসার ময়লাগুলো বাইরে রেখে যায়। গত দুই দিন ধরে এসব ময়লা সংগ্রহ করছি। আমরা এগুলো পরিষ্কার না করলে এ শহরে যারা ঈদ পালন করবে, তারা পরিষ্কার শহর পাবে না। এজন্য আমরা ছুটিতেও কাজ করছি।

17

ডাক্তার, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী ও পরিচ্ছন্নতাকর্মীরা নিজেদের ঈদের আনন্দ সাধারণ মানুষের সেবার পেছনে ব্যয় করছেন—এমন প্রশ্নে কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে কথা হলে তারা বলেন, এসব পেশার মানুষের জন্য দেশের মানুষ শান্তিতে ঈদ করতে পারে। কোনো কারণে কোনো ঘটনা ঘটলে ডাক্তারের প্রয়োজন হলে ডাক্তার পাওয়া যাবে, খবর জানতে হলে সাংবাদিক, আইনশৃঙ্খলার বিষয়ে হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাওয়া যাবে। এছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আমরা পরিষ্কার শহরে ঈদ পালন ও বসবাস করতে পারি। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তবে এটিকে অনেকে সেভাবে দেখতে চান না। অনেকে মনে করেন, এসব পেশার মানুষ অনেক দায়িত্ব জেনেবুঝে, যোগ্যতা অনুযায়ী এমন জরুরি সেবায় এসেছে। ঈদের ছুটির আগেও দায়িত্বই তাদের কাছে বড় হয়ে উঠবে—এটাই স্বাভাবিক।

এমন একজন ব্যক্তি শাকিল আহমেদ। তিনি বলেন, জরুরি সেবার কোনো ছুটি হয় না। বিশেষ করে ঈদের সময় এসব পেশার মানুষেরা ভাগাভাগি করে ছুটি কাটায়। একদল ছুটিতে গেলে আরেকদল দায়িত্ব পালন করে। যারা ছুটিতে যায় না, তারা অতিরিক্ত ভাতা পায় জনগণকে অতিরিক্ত সেবা দেওয়ার জন্য। আবার ঈদের ছুটি শেষে চাইলে সবাই ছুটিও নিতে পারেন।

এমএইচএইচ/এএস