জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ মার্চ ২০২৬, ১১:৪৬ এএম
জুলাই গণঅভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত শতাধিক অজ্ঞাত নিহতদের কবর জিয়ারত করেছেন মুসল্লিরা। এ সময় তারা তাদের জন্য দু’হাত তুলে দোয়া ও মোনাজাত করেন।
শনিবার (২১ মার্চ) সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে প্রবেশ করে এমন দৃশ্য দেখা গেছে।
জুলাই আন্দোলনের সময় একাধিক নিহতের পরিচয় মেলেনি। তাদের সর্বশেষ ঠিকানা হয়েছিল রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান। এসব নিহতের স্বজনরা আজও জানেন না তারা বুদ্ধিজীবী কবরস্থানে শুয়ে আছেন। তবে কেউ কেউ মাঝে মাঝে এই কবরস্থানে এসে জুলাই নিহত স্বজনদের কবর খুঁজে ফেরেন।
ঈদের দিন সকালবেলা পুরো কবরস্থানে মুসল্লিদের ভিড় জমে। তার ফাঁকে দেখা মেলে জুলাই আন্দোলনের নিহতদের কবরের দীর্ঘ সারি। সারির শুরুতে কয়েকজন দাঁড়িয়ে দুই হাত তুলে মোনাজাত করছেন। তবে তারা এই জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত হিসেবে দাফন হওয়া ব্যক্তিদের স্বজন কিনা তা জানা যায়নি।
আরও পড়ুন: স্বপ্নভাঙা ঈদ: জুলাই শহীদ পরিবারে বিষাদ
দীর্ঘ সারির এই কবরস্থানে পশ্চিম পাশে গিয়ে দেখা গেল, কয়েকজন যুবক কবরগুলো দেখছেন। তাদের মধ্য থেকে একজন বলছেন, খবরগুলোর মাথায় প্রতিটির নম্বর দেওয়া হয়েছে। এর অধিকাংশের পরিচয় মেলেনি।
তার এমন কথা শুনে আরেকজন যুবক বলে উঠলেন, এত মানুষের মৃত্যুর পরও জুলাইকে যারা অস্বীকার করে তারা বাংলাদেশের শত্রু। পরে এই যুবকরাও অজ্ঞাত শহীদদের স্মরণ করে দোয়া করেন।
কবরগুলোকে ইটের দেয়ালে ঘিরে দেওয়া হয়েছে। নাম ফলকে বড় করে লেখা রয়েছে- জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর নিহতদের কবর।
এমআইকে/এমআই