জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ মার্চ ২০২৬, ০৬:০৫ এএম
ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেবো না বলে গণমাধ্যমে যে সংবাদ প্রচার করা হয়েছে এমন বক্তব্য দেননি বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
বৃহস্পতিবার (১৯ মার্চ) গভীর রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এমন দাবি করা হয়।
তাদের দাবি, গণমাধ্যম সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করেছে। যেখানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে উদ্ধৃত করে লিখা ছিল ‘কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি- ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেবো না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট’।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকিরকে উদ্ধৃত করে- ‘কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি- ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেবো না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট’- এ মর্মে একটি ভুয়া বক্তব্য সম্বলিত ফটোকার্ড কৃত্রিমভাবে তৈরি করে প্রচার করা হচ্ছে।
প্রকৃতপক্ষে আইজিপি কোথাও এ ধরনের কোনো বক্তব্য দেননি। এ ধরনের ভুয়া ফটোকার্ড বা বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হতে ক্ষুদেবার্তায় সকলের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
এমআইকে/এমআই