images

জাতীয়

ঢাকায় ফিরতে পারেনি উত্তরে রওনা হওয়া বেশির ভাগ বাস

মোস্তফা ইমরুল কায়েস

১৯ মার্চ ২০২৬, ০২:০৪ পিএম

গতকাল সন্ধ্যা থেকে উত্তরের জেলা জয়পুরহাট, বগুড়া এবং দিনাজপুর রুটে ৩০টি গাড়ি গেছে। ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া এই বাসগুলোর বেশির ভাগই এখনো গন্তব্যে পৌঁছাতে পারেনি। রওনা হওয়া বাসগুলো যমুনা সেতুর আগের বিভিন্ন পয়েন্টে আটকে আছে। ফলে বাসগুলো ঢাকায় ফিরে আসতে পারেনি। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে আহাদ এন্টারপ্রাইজের ম্যানেজার ইয়াসিনের সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলেন, রাস্তায় অনেক যানজট। ফলে রাতে যে গাড়ি ছাড়া হয়েছে সেগুলোর বেশির ভাগ এখনো গাবতলীতে ফিরে আসেনি। তবে কিছু গাড়ি চান্দুরা, বাইপাইলে আটকে আছে। হয়ত দুপুরের পর ঢাকায় ঢুকবে। এ কারণে বাড়তি টিকিটও বিক্রি করতে পারছি না।

তিনি জানান, এসি/ননএসি মিলে ৩০টি গাড়ি তারা রাতে ছেড়েছেন। এখনো ছাড়ছেন। কিন্তু বাসগুলোর জিপি ট্রাক বলছে, সেগুলো এখনো যমুনা সেতু পার হতে পারেনি।

এমন ভোগান্তিতে শুধু আহাদ পরিবহনের বাসগুলোই পড়েনি, ভুগছে নামিদামি পরিবহনের দূরপাল্লার বাসগুলোও।

গাবতলী বাস টার্মিনালে থাকা অন্তত ২০টি কাউন্টারে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানিয়েছে, সকালে যেসব বাস ছাড়ার কথা ছিল সেগুলোর বেশির ভাগ পথে আটকা। প্রায় ৮০ শতাংশ বাস এখনো গন্তব্যে পৌঁছেনি। এ সমস্যাটা বেশি হয়েছে উত্তরের জেলাগুলোতে রওনা হওয়া বাসগুলোর ক্ষেত্রে। বাসগুলো ফিরে না আসায় তারা যাত্রীদের কাছ থেকে নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন।

তারা আরও জানিয়েছেন, গতকাল রাতে ঢাকা থেকে রওনা হওয়া এসব বাসের একটা বড় অংশই এখনো চান্দুরা, বাইপাইল, করটিয়ায় আটকে আছে। রাস্তার কাজ চলায় এমন ভোগান্তি দেখা দিয়েছে বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুন

ঈদযাত্রায় নাভিশ্বাস, বাড়তি ভাড়ায় দিশেহারা যাত্রীরা

গতকাল রাতে শাহ ফতেহ আলী পরিবহনের ২৯টি বাস উত্তরের জেলাগুলোতে রওনা হয়েছে। কিন্তু মাত্র সাতটি ফিরে এলেও বাকিগুলো এখনো গন্তব্যের মাঝপথে পড়ে আছে৷

কাউন্টারম্যান জাহিদ বলেন, বসে আছি। যাত্রীরা বারবার এসে খোঁজ খবর নিচ্ছে, কখন বাস ফিরবে। কিন্তু এটা তো আমাদের ওপর নেই। রাস্তার অবস্থা ভালো না, ফলে এই অবস্থা।

Eidjatra3

একই অবস্থা হানিফ পরিবহনেরও। পরিবহনটির গাবতলীতে থাকা একটি কাউন্টারের ম্যানেজার আমানুল্লাহ জানান, তারা সকাল থেকে ১০টি গাড়ি উত্তরে ছেড়েছেন। বাকি গাড়িগুলো এখনো ফেরেনি।

আসাদ পরিবহনের রিমন বলেন, তিনটা ছাড়ছি রাতে, তিনটাই ব্যাক করেনি।

এসআই ট্রাভেল গতরাতে গাড়ি পাঁচটি ছাড়লেও উত্তরের গন্তব্যে এখনো পৌঁছাতে পারেনি বলে জানালেন কাউন্টার ম্যানেজার সাইফুল ইসলাম।

আরও পড়ুন

ট্রেন দেরিতে আসায় কমলাপুরে উপচেপড়া ভিড়

তিনি বলেন, গতরাত থেকে এ অবস্থা। বাধ্য হয়ে আমি আমার ভাইকে নাবিল পরিবহনে তুলে দিয়েছি। সে সকাল রাত দশটায় ছিল বগুড়ার ফুড ভিলেজে। এই হলো অবস্থা।

গাবতলীতে আহাদ পরিবহনের কাউন্টারের সামনে উত্তরের জেলা জয়পুরহাট যাওয়ার জন্য বসে আছেন কাইয়ুম আহমেদ দম্পতি। তিনি বলেন, আমাদের গাড়ি ছিল ১২টায়। কিন্তু এখনো জানি না কখন আসবে। ওরা তো বলছে, গাড়ি ঢুকলে ছাড়বে। কিন্তু কখন!

গতকাল রাতে রওনা হয়ে অধিকাংশ বাস এখনো ফিরে না আসায় বিপাকে পড়েছেন কাউন্টারে থাকা ব্যক্তিরা। তাদের অনেকে যাত্রীদের প্রশ্নবানে জর্জরিত হওয়ার ভয়ে কাউন্টার ছেড়ে অন্যত্র সময় কাটাচ্ছেন।

এমআইকে/জেবি