images

জাতীয়

উত্তরের পথে ট্রেন বন্ধ, যাত্রীদের ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ পিএম

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতের ঘটনায় উত্তরের জেলাগুলোর সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। এতে ওই ট্রেনের কয়েকশ যাত্রী পড়েছেন চরম ভোগান্তিতে।

এছাড়া নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুতির কারণে আক্কেলপুর স্টেশনে বাংলাবান্ধা এক্সপ্রেস, রকেট মেইল ও রাণীনগরে রূপসা এক্সপ্রেস ট্রেন তিনটি আটকা পড়েছে। ফলে এই তিন ট্রেনের যাত্রীদের যাত্রা এবং নির্ধারিত সময়ে বাড়ি ফেরাও অনিশ্চিত হয়ে পড়েছে।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চলের রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।

তিনি আরও জানিয়েছেন, নীলসাগর এক্সপ্রেসের দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এর আগে বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের বাগবাড়ী এলাকায় ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নীলফামারীগামী আন্তঃনগর ট্রেনটি দ্রুতগতিতে আসছিল। হঠাৎ বিকট শব্দে কয়েকটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে চিৎকার করতে থাকেন। দুর্ঘটনার সময় ট্রেনের ছাদেও বিপুলসংখ্যক যাত্রী ছিলেন।

আহতদের উদ্ধারে কাজ শুরু করেছেন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনা কবলিত নীলসাগর এক্সপ্রেসকে উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে ঘটনাস্থলে পৌঁছেছে একটি রিলিফ ট্রেন। বর্তমানে উদ্ধারকাজ চলছে। পথে আছে পার্বতীপুর থেকে আসা আরেকটি রিলিফ ট্রেন।

এএইচ