নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৬, ০২:২২ পিএম
আসন্ন বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীরা ভোটার প্রতি ১০ টাকা হারে এ আসনের ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন ভোটার ভোটারের জন্য সর্বোচ্চ ৪৫ লাখ ৫৪ হাজার ৪৩০ টাকা ব্যয় করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১৭ মার্চ)ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানান।
কর্মকর্তারা বলেন, বগুড়া-৬ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। সে হিসাবে ভোটার প্রতি ১০ টাকা খরচ করলে এ আসনের প্রার্থীরা মোট ৪৫ লাখ ৫৪ হাজার ৪৩০ টাকার বেশি ব্যয় করতে পারবেন না।
ভোটার প্রতি ১০ টাকা ব্যয়ের বিষয়টি নিয়ে কথা হয় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সঙ্গে। তিনি ব্যাখ্যা করে জানান, কোনো আসনের ভোটার আড়াই লাখের ভোটারের নিচে থাকলে সংশ্লিষ্ট আসনের প্রার্থী কমপক্ষে ২৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন। আর তার বেশি ভোটারের নির্বাচনি এলাকার প্রার্থী ১০ টাকা হারে ভোটার সংখ্যার সমান সর্বোচ্চ ব্যয় করতে পারবেন।
জানা গেছে, বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার রয়েছে ভোটের মাঠে।
এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দু’টো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।
ইসির তথ্য অনুযায়ী, এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন। নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন, পোস্টাল ব্যালটের ভোটার- ৩ হাজার ৭ শত ৩৬ জন। হিজড়া ভোটার রয়েছে ১০ জন। এ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৫০টি আর ভোটকক্ষের সংখ্যা ৮৩৫টি যার মধ্যে ৭৮৭ টি স্থায়ী আর অস্থায়ী ৪৮টি।
আগামী ৯ এপ্রিল এই আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করবে ইসি।
এমএইচএইচ/এমআই