নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ০৫:১২ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবিও করেছে তারা।
টিআইবির অনুপ্রেরণায় গঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সহ-দলনেতা ছিলেন এই শিক্ষার্থী। রোববার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সাভারের ইসলামনগর এলাকায় ভাড়া বাসায় তিনি হত্যাকাণ্ডের শিকার হন।
সোমবার (১৬ মার্চ) এক বিবৃতিতে টিআইবি জানায়, এই মর্মান্তিক ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইয়েস গ্রুপের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
টিআইবি মনে করে, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা গভীর গুরুত্বের সঙ্গে তদন্ত করা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতি আহ্বান, দ্রুততার সঙ্গে ঘটনাটির সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
শারমিন জাহান খাদিজা গত বছরের ৮ ডিসেম্বর থেকে সদস্য হিসেবে ইয়েস গ্রুপের সঙ্গে সম্পৃক্ত হয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। পরবর্তীতে গত ২৭ জানুয়ারি তিনি বিশ্ববিদ্যালয় ইয়েস গ্রুপের সহ-দলনেতা (নারী) নির্বাচিত হন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের পাঠানো বিবৃতিতে বলা হয়, তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত।
বিবৃতিতে আরও জানায়, টিআইবি শারমিন জাহান খাদিজার হত্যাকাণ্ডের ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে।
এর আগে রোববার (১৫ মার্চ) বিকেলে জাবি ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগরের ভাড়া বাসা থেকে শারমিনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনা হত্যা সন্দেহে ওই ছাত্রীর স্বামী ফাহিম আল হাসানকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত শারমিন লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের ছাত্রী ছিলেন। থাকতেন স্বামীর সঙ্গে ভাড়া বাসায়। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, শারমিন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
এএম/এএইচ