images

জাতীয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জুলাই ঐক্যে’র

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী গুরুতর অসদাচরণ ও সংবিধান লঙ্ঘনের অভিযোগে সংসদের মাধ্যমে অভিশংসন (ইমপিচমেন্ট) করে পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’ নামে একটি সংগঠন। একই সঙ্গে তাকে গণহত্যার সহযোগী হিসেবে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই ঐক্যের সংগঠক ফাহিম ফারুকী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে ‘জনতার সংসদকে অপবিত্র’ করেছেন।’

তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপিকে দুটি শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তারা জুলাই সনদের শপথ গ্রহণ করেনি। এর পরিবর্তে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের আয়োজন করা হয়েছে বলে দাবি করেন তিনি।’

সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের পক্ষ থেকে বলা হয়, ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। জুলাইয়ের আত্মত্যাগ অস্বীকার করা হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করা হয়।

সংগঠনটির দাবি, চব্বিশের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি একাধিকবার শপথ ভঙ্গ করেছেন এবং গণমাধ্যমে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে ফাহিম ফারুকী বলেন, সেখানে রাষ্ট্রপতি দাবি করেছেন যে ২০২৪ সালের অক্টোবরে ‘জুলাই ঐক্য’ বঙ্গভবন ঘেরাও করতে গিয়েছিল। অথচ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে ২০২৫ সালের মে মাসে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, যারা এখনো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তাদের দ্রুত শপথ গ্রহণ করে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত।

এছাড়া জুলাইয়ের বিভিন্ন সংগঠনকে সক্রিয় ও একীভূত করার লক্ষ্যে আগামী ২৫ মার্চ পর্যন্ত সংগঠন সংগ্রহ কার্যক্রম চালানোর ঘোষণা দেয় ‘জুলাই ঐক্য’।

এমআর/এমআই