images

জাতীয়

মোহাম্মদপুরে সমন্বয়ককে কুপিয়ে জখম, বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ ২০২৬, ০৩:৪১ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে ইব্রাহিম খলিল শুভ নামের এক সমন্বয়ককে কুপিয়ে জখম করার ঘটনায় প্রধান আসামি মোল্লা কাওসারকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

‎মঙ্গলবার (১০ মার্চ) পটুয়াখালী সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার হওয়া মোল্লা কাওসার ঢাকা মহানগর উত্তরের ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। নির্বাচনের আগে তাকে বহিষ্কার করা হয়েছিলো।

‎এদিকে, গত ২১ ফেব্রুয়ারি বিকেলে মোহাম্মদপুর-বসিলা রোডে ময়ূরভিলা এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে মো. রাসেল ও মো. মামুন নামে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

‎এ ঘটনার পরদিন ২২ ফেব্রুয়ারি রাতে একই এলাকায় জুলাই হত্যা মামলার সাক্ষী ও সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে গুরুতর জখম করে একই চক্রের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। এ ঘটনাতেও মোহাম্মদপুর থানায় আরেকটি হত্যাচেষ্টা মামলা করা হয়।

‎র‍্যাব জানায়, দুটি ঘটনার পর গত ১ মার্চ ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আরেক শীর্ষ সন্ত্রাসীর সহযোগী সোহেল ওরফে গ্যারেজ সোহেলকে একটি বিদেশি রিভলভার ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ৮ মার্চ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রিপন ওরফে কাউয়া রিপন এবং মিন্টু আহমেদ ওরফে পাপ্পুকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি সামুরাই, একটি ছুরি ও একটি দা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামসুল ইসলাম বলেন, ‘আমরা আসামিকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেছি। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তবে, আসামিদের রাজনৈতিক কোনো পরিচয় আমাদের জানা নেই।’

‎একেএস/এমআই