images

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ ২০২৬, ০৯:৫৬ এএম

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে মঙ্গলবার রাতে তিনি ঢাকায় পৌঁছান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কূটনৈতিক সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যেই তার এ সফর। সফরকালে তিনি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো–প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

খসড়া সূচি অনুযায়ী আজ তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ–এর (অ্যামচেম) আয়োজনে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরের শেষ দিনে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও বৈঠক করবেন পল কাপুর। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে এবং দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সূচি রয়েছে।

এ ছাড়া তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ অক্টোবর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন পল কাপুর। তাঁর এই সফরকে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

এমআই