images

জাতীয়

ত্রয়োদশ সংসদে ২৩৬ কোটিপতি এমপি, কমেছে পেশাদার রাজনীতিবিদ

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের ৭৯.৪৬ শতাংশ সদস্য কোটিপতি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ অনুযায়ী, নির্বাচিত এমপিদের মধ্যে ২৩৬ জন কোটিপতি এবং ১৩ জন শতকোটিপতি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। প্রতিবেদনে বলা হয়, প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন ২০৯ জন বা ৭০ শতাংশ সদস্য। সংসদ অপেক্ষাকৃত তরুণ এবং ৮৪.৮৩ শতাংশ সদস্য স্নাতক, স্নাতকোত্তর বা ঊর্ধ্ব ডিগ্রিধারী।

পর্যবেক্ষণে উঠে এসেছে, অর্ধেক এমপির দায় বা ঋণ রয়েছে। সদস্যদের মোট দায়ের পরিমাণ ১১,৩৫৬ কোটি টাকা, যা বিগত চার সংসদের তুলনায় সর্বোচ্চ। পেশাগত দিক থেকে ব্যবসায়ী পেশার সদস্যই সবচেয়ে বেশি, প্রায় ৬০ শতাংশ, যদিও আগের সংসদের তুলনায় এ হার কিছুটা কমেছে। তবে পেশায় রাজনীতিবিদের সংখ্যা সবচেয়ে কমে গেছে।

টিআইবি জানায়, ৯৯ শতাংশ প্রার্থী আচরণবিধির কোনো না কোনো বিধান লঙ্ঘন করেছেন। প্রচারণা ব্যয়ের সীমা অনলাইন ও অফলাইনে ব্যাপকভাবে অতিক্রমের অভিযোগ পাওয়া গেছে, যেখানে শীর্ষে বিএনপি, স্বতন্ত্র ও জামায়াতের প্রার্থীরা।

সংস্থাটি বলছে, নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক হলেও আচরণবিধি প্রতিপালনে ঘাটতি, অর্থ ও ধর্মের প্রভাব এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ উদ্বেগজনক। নারী প্রতিনিধিত্ব নেমে এসেছে ২.৩৬ শতাংশে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্ন।

এমআর/এফএ