নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের গণমাধ্যমে রাজনৈতিক দলগুলোর নির্বাচনি প্রচারণা কীভাবে উপস্থাপিত হয়েছে, তার একটি পরিমাণগত বিশ্লেষণ প্রকাশ করেছে মিডিয়া ওয়াচ বাংলাদেশ। সংস্থাটির দাবি, নির্বাচনি প্রচারণা কাভারেজে অধিকাংশ গণমাধ্যম ভারসাম্য রক্ষা করতে পারেনি। বিশেষ করে বিএনপির প্রচারণা তুলনামূলকভাবে বেশি গুরুত্ব পেয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন তুলে ধরেন মিডিয়া ওয়াচের রিসার্চ কো-অর্ডিনেটর প্লাবন তারিক।
প্রতিবেদনে বলা হয়, ২২ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনি প্রচারণা পর্বে প্রার্থীরা সভা-সমাবেশ, গণসংযোগ, প্রতিশ্রুতি ঘোষণা, ইশতেহার প্রকাশ এবং প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনাসহ নানা কার্যক্রম পরিচালনা করেন। এসব কার্যক্রম দেশের প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হয়। তবে সংবাদ সংখ্যা, ছবি প্রকাশ, প্রথম পাতায় স্থান দেওয়া এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারের সময়—সব দিক থেকেই একটি পক্ষকে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।
আরও পড়ুন: ভরসা এখন মেট্রোরেল!
বিশ্লেষণে প্রিন্ট মিডিয়ার ৯টি, ইলেক্ট্রনিক মিডিয়ার ৭টি এবং অনলাইন মিডিয়ার ৫টি প্রতিষ্ঠানের কনটেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রিন্ট মিডিয়ায় সংবাদ সংখ্যা, ছবির সংখ্যা এবং প্রথম পাতার ট্রিটমেন্ট আলাদাভাবে পর্যালোচনা করা হয়। এখানে প্রধান দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রচারণা কভারেজের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।
সংবাদ সংখ্যার হিসাবে দেখা যায়, প্রথম আলোতে বিএনপির প্রচারণা সংক্রান্ত ৬৫টি এবং জামায়াতে ইসলামীর ৩৬টি সংবাদ প্রকাশিত হয়েছে। সমকালে বিএনপি ৬৬টি, জামায়াত ২৯টি; কালের কণ্ঠে বিএনপি ১০৫টি, জামায়াত ৩৫টি; যুগান্তরে বিএনপি ১২১টি, জামায়াত ৪৪টি; ইত্তেফাকে বিএনপি ৮৯টি, জামায়াত ৩২টি; ইনকিলাবে বিএনপি ১২৯টি, জামায়াত ৩১টি। তবে নয়া দিগন্তে জামায়াতের সংবাদ ৯৩টি, যা বিএনপির ৭৬টির চেয়ে বেশি।
ছবির ক্ষেত্রেও অনুরূপ প্রবণতা দেখা গেছে। অধিকাংশ পত্রিকায় বিএনপির প্রচারণার ছবি সংখ্যায় বেশি। উদাহরণ হিসেবে ইত্তেফাকে বিএনপির ১০৪টি এবং জামায়াতের ৩০টি ছবি প্রকাশিত হয়েছে। প্রথম আলো, সমকাল, যুগান্তরসহ বেশিরভাগ পত্রিকায় একই চিত্র পাওয়া যায়।
অনলাইন গণমাধ্যমেও বিএনপির সংবাদ সংখ্যা বেশি। বাসস বাংলায় বিএনপি ৪৩৩টি এবং জামায়াতে ইসলামী ২১৩টি; বিডিনিউজ২৪-এ বিএনপি ২২৭টি, জামায়াত ৬৬টি; ঢাকা পোস্টে বিএনপি ২৯৫টি, জামায়াত ১৭৯টি; জাগো নিউজে বিএনপি ৩৯৬টি, জামায়াত ২৮৯টি সংবাদ প্রকাশিত হয়েছে।
ইলেক্ট্রনিক মিডিয়ার ক্ষেত্রে প্রতিদিন সন্ধ্যা ও রাতের প্রধান বুলেটিন বিশ্লেষণ করে প্রচারের গড় সময় নির্ধারণ করা হয়। চ্যানেল২৪-এ বিএনপি জোটের প্রচারণা গড়ে ১৫ মিনিট এবং জামায়াত জোটের ৭ মিনিট; সময় টিভিতে ২০ ও ১০ মিনিট; নিউজ২৪-এ ২০ ও ৫ মিনিট; বাংলা ভিশনে ২০ ও ৭ মিনিট প্রচার হয়েছে। বিটিভিতে উভয় জোট সমান সময় পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মিডিয়া ওয়াচের মতে, গণতান্ত্রিক নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে গণমাধ্যমের ভারসাম্যপূর্ণ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই বিশ্লেষণ থেকে বোঝা যায়, নির্বাচনি প্রচারণা কাভারেজে অধিকাংশ গণমাধ্যম নিরপেক্ষতা ও ভারসাম্য বজায় রাখতে পারেনি। এতে নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ তৈরি হয়েছে বলে সংস্থাটি মন্তব্য করেছে।
এএইচ/এমআই