মো. মেহেদী হাসান হাসিব
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম
* সারাদেশে ভোটার স্থানান্তর ৭ লাখ ৭১ হাজার
* ঢাকায় মোট ভোটার স্থানান্তর হয়েছে অর্ধলক্ষ
* সব আসন ছাড়িয়ে ঢাকা-১
* কাছাকাছি সংখ্যার ভোটার স্থানান্তর ঢাকা-১৫, ১৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার স্থানান্তর নিয়ে বারবার প্রশ্ন তুলছে বিএনপি। তবে কমিশন বলেছে স্বাভাবিক হারে ভোটার স্থানান্তর হয়েছে। এবার ঢাকার ২০টি আসনে ৫০ হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ তথ্য সঠিক নয় বলে আপত্তি জানিয়েছে বিএনপি।
ইসি সূত্র জানায়, এবার সারা বাংলাদেশ থেকে আবেদন এসেছে আট লাখ ৪ হাজারের মতো। যার মধ্যে অনুমোদন (ভোটার স্থানান্তর করা হয়েছে) ৭ লাখ ৭১ হাজার। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ঢাকা জেলার ২০ টি আসন নিয়ে যেখানে মোট ভোটার স্থানান্তর করা হয়েছে ৫০ হাজার ৯৯২ জন ভোটারের যারা আবেদন করেছিলো তাদের মধ্যে থেকে। বিগত বছরগুলোর ভোটার স্থানান্তর তথ্য পর্যালোচনা করলে এটি অস্বাভাবিক ভোটার স্থানান্তর নয়, বরং স্বাভাবিক।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর কিছু আসনে ভোটার স্থানান্তর নিয়ে অভিযোগ করেই আসছে বিএনপি। বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনে অনুরোধ করেছে দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিভিন্ন এলাকায় অস্বাভাবিক ভোটার স্থানান্তর হয়েছে। ইসি সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে জানতে পেরেছেন কোনো আসনেই দুই-তিন হাজারের বেশি স্থানান্তর হয়নি। আমরা এই উত্তরে সন্তুষ্ট হতে পারিনি। ইসিকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এমন হোল্ডিং নাম্বার যেখানে পাঁচজনের বেশি থাকার কথা না সেখানে ২০, ২৫ জন ভোটার থাকার অভিযোগ আমাদের কাছে এসেছে। এরাই ভুয়া ভোটার বা ভোটার মাইগ্রেশনে জড়িত। ইসির এ ব্যাপারে নজর দেয়া দরকার।
গত ১৮ জানুয়ারি বিএনপি মতহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীকে জেতাতে বাইরের ভোটারদের রাজধানী ঢাকায় স্থানান্তরের মত ‘কূটকৌশল’ নিয়েছে।
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিএনপির অভিযোগ নিয়ে সাংবাদিকদের বলেন, ‘একটা দল অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে; পুরুষ-মহিলা সবার সমর্থন, এগুলোতে ভীত হয়ে তারা এ সমস্ত কথাবার্তা বলছেন তারা।’
ভোটার স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, ভোটার স্থানান্তর তো সারা বছর ধরে হয়ে থাকে। সাধারণত উপজেলা/থানা পর্যায় থেকে আবেদন করা হয়ে থাকে। অস্বাভাবিক হারে স্থানান্তরের ঘটনা নেই এবার।
বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক বলেন, বিএনপির অভিযোগ নিয়ে যেহেতু কমিশনের সঙ্গে আলোচনা করেছেন, বিষয়টি সেদিক থেকে স্পষ্ট করা হতে পারে।
ঢাকার ২০ টি সংসদীয় আসনের কোন আসনে কত
ঢাকা-১ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন চার হাজার ৭৩২ জন। ঢাকা-২ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন তিন হাজার ৯৭৮ জন। ঢাকা-৩ আসনে এক হাজার ১০৩ জন। ঢাকা-৪ আসনে ৮৭২ জন। ঢাকা-৫ এ হয়েছেন ২ হাজার ৬৯৪ জন। ঢাকা-৬ সংসদী আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ৯১৫ জন। ঢাকা-৭ আসনে হয়েছেন ৬৭৬ জন। ঢাকা-৮ এ হয়েছেন ৩ হাজার ৬৬৩ জন। ঢাকা-৯ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ২ হাজার ৬৩৪ জন। ঢাকা-১০ এ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন। ঢাকা-১১ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ৩ হাজার ১৪১ জন। ঢাকা-১২ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ৮৭৭ জন। ঢাকা ১৩ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ২ হাজার ২৭৯ জন। ঢাকা-১৪ আসনে হয়েছেন ২ হাজার ৫৯ জন। জামায়াতের আমীরের নির্বাচনি আসন ঢাকা-১৫ তে ভোটার স্থানান্তর হয়েছেন ৩ হাজার ৫২০ জন। ঢাকা-১৬ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ২ হাজার ৭০৭ জন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন ঢাকা-১৭ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ৩ হাজার ৬৬৪ জন। ঢাকা-১৮ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ৪ হাজার ৭০ জন। ঢাকা-১৯ আসনে ভোটার স্থানান্তর হয়েছেন ২ হাজার ৫৪৩ জন। ঢাকা-২০ আসনে হয়েছেন ২ হাজার ৬৭৩ জন। মোট ৫০ হাজার ৬১৭ জন।
ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে ঢাকা অঞ্চলে এখন পর্যন্ত ভোটার স্থানান্তর হয়েছে ৮৬ হাজার ৮২৫ জন। ফরিদপুর অঞ্চলে হয়েছেন ৩৯ হাজার ৯৫ জন, খুলনা অঞ্চলে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ৮১ হাজার ৭২৫ জন। ময়মনসিংহ অঞ্চলে হয়েছেন ৭৮ হাজার ৮০৫ জন, রংপুর আঞ্চলে ভোটার স্থানান্তর হয়েছেন ৬৩ হাজার ৮৯৭ জন, সবচেয়ে কম ভোটার এলাকা পরিবর্তন করেছেন সিলেট অঞ্চলে ২৭ হাজার ৫৭৬ জনের, রাজশাহী অঞ্চলে পরিবর্তন করেছেন ৭২ হাজার ৮১৫ জনের, ৮৫ হাজার ৭২০ জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন বরিশাল অঞ্চলে। চট্টগ্রামে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ৩০ হাজার ৮৫ জন ভোটার। সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে কুমিল্লা অঞ্চলে এক লাখ পাঁচ হাজার ৫৪৩ জন।
বিগত চার বছরের ভোটার স্থানান্তরের পরিসংখ্যান
বিগত চার বছরের ভোটার স্থানান্তর হয়েছেন ২১ লাখ ১৫ হাজার ৪৫৮ জন। যার মধ্যে ২০২৪ সালে হয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৯১৭ জন যা চলতি বছরের প্রায় অর্ধেক। ২০২৩ সালে হয়েছেন ৪ লাখ ৬১ হাজার ৫৫৯ জন। ২০২২ সালে ভোটার স্থানান্তর হয়েছেন ৭ লাখ ১৭ হাজার ২০৮ (ভোটার হালনাগাদের বছর)। ৫ লাখ ৬৫ হাজার ৭৭৪ জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন ২০২১ সালে।
এবার সংসদ নির্বাচনে ২০১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসির তথ্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারির সংসদ ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ভোট দিতে পারবেন। নির্বাচনে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। আর হিজড়া ভোটার ১ হাজার ১২০ জন।
৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে, ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবছর হালনাগাদ হয়েছে ভোটার তালিকা। সেপ্টেম্বরে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে গেজেট প্রকাশ হয়। ৩১ অক্টোবর ভোটার তালিকাভূক্ত হওয়ার সময় শেষ হয় আর মধ্য নভেম্বরে ভোটার স্থানান্তরের সময় সীমা ছিল।
এমএইচএইচ/ক.ম