নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম
রাজধানীর মুগদা হাসপাতাল এলাকা থেকে অপহৃত তিন বছরের এক শিশুকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় মূল অভিযুক্ত মো. চাঁন মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধারকৃত শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, শিশু অপহরণের ঘটনাটি ঘটে ২৮ জানুয়ারি দুপুরে। চিকিৎসাসেবা নিতে পরিবারসহ মুগদা হাসপাতালে অবস্থান করছিল শিশুটি। একপর্যায়ে অল্প সময়ের জন্য পরিবারের দৃষ্টির বাইরে চলে গেলে সেই সুযোগ নেয় অপহরণকারী। কৌশলে শিশুটিকে কোলে তুলে নিয়ে দ্রুত হাসপাতাল এলাকা ত্যাগ করে সে। মুহূর্তের মধ্যেই শিশুটি নিখোঁজ হয়ে গেলে পরিবারে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মুগদা থানা পুলিশ ও র্যাব যৌথভাবে অনুসন্ধান শুরু করে। হাসপাতাল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিনির্ভর তথ্য সংগ্রহ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপহরণকারীর গতিবিধি শনাক্ত করা হয়। এসব তথ্যের ভিত্তিতে রাজধানীর বাইরে একটি সম্ভাব্য অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়।
পরিকল্পিত অভিযানের অংশ হিসেবে ২৯ জানুয়ারি রাতে গাইবান্ধা জেলার একটি এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। একই সময় সেখান থেকেই মূল অভিযুক্ত মো. চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপহরণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এটি কোনো তাৎক্ষণিক ঘটনা নয়; এর পেছনে আরও ব্যক্তি বা একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকার আশঙ্কা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির দেওয়া তথ্য যাচাই করে সম্ভাব্য সহযোগীদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
শিশুটি উদ্ধারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন তার পরিবার ও স্বজনরা। তারা দ্রুত ও কার্যকর অভিযানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে- হাসপাতাল, বাস টার্মিনাল, বাজারসহ ভিড়পূর্ণ এলাকায় শিশুদের এক মুহূর্তের জন্যও একা না রাখতে। সন্দেহজনক কোনো পরিস্থিতি নজরে এলে দেরি না করে নিকটস্থ থানায় জানানোরও পরামর্শ দেওয়া হয়েছে।
এম/এমআই