নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম
শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উদ্যোগে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা ‘ডিএনসিসি স্পোগোমি গেম ২০২৬’।
শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর উত্তরখানে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে ওয়ান ব্যাগ ট্রাশের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ময়লা সংগ্রহ ও বর্জ্য পৃথকীকরণ কার্যক্রমে যুক্ত হয়।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘ঢাকার ধারণক্ষমতার তুলনায় বর্তমানে প্রায় পাঁচ গুণ বেশি মানুষ বসবাস করছে। এরফলে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে। এই বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করতে হলে কমিউনিটি এনগেজমেন্ট বাড়ানো জরুরি। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই স্পোগোমি গেমসের মতো আয়োজন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বর্জ্য পৃথকীকরণ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে। ছোটবেলা থেকেই যদি বর্জ্য আলাদা করার অভ্যাস গড়ে ওঠে, তাহলে ভবিষ্যতে তাদের হাত ধরেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।’
এই প্রতিযোগিতায় মোট ৩৪টি দলে ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সংগৃহীত বর্জ্য চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়- বার্নেবল, নন-বার্নেবল, প্লাস্টিক বোতল এবং সিগারেট ওয়েস্ট। প্রতিটি ক্যাটাগরির জন্য নির্ধারিত পয়েন্টের ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ময়লা সংগ্রহের জন্য ৩০ মিনিট এবং সংগৃহীত বর্জ্য পৃথকীকরণের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় পায়। সে অনুযায়ী শিক্ষার্থীরা দলগতভাবে মাঠ ও আশপাশের এলাকা থেকে ময়লা সংগ্রহ করে নির্দিষ্ট ক্যাটাগরিতে আলাদা করে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য এটি একটি খুবই ভালো উদ্যোগ। এমন একটি কার্যক্রমে অংশ নিতে পেরে আমরা সবাই আনন্দিত এবং অনেক কিছু শিখতে পেরেছি।’
প্রতিযোগীতার রেফারির দায়িত্ব পালন করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুন্তাসির মামুন। তিনি বলেন, ‘আমরা অনেক সময় যত্রতত্র ময়লা ফেলি, যা মোটেও ঠিক নয়। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে সবাই যদি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে অভ্যস্ত হয়, তাহলে বাংলাদেশ আরও পরিচ্ছন্ন ও সুন্দর হয়ে উঠবে।’
প্রতিযোগিতায় নির্ধারিত ৩০ মিনিটে সর্বমোট ২২ কেজি বর্জ্য সংগ্রহ করে প্রথম স্থান অর্জন করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দল ‘৬বি২’। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ।
এএইচ/এএম