Dhaka Mail Logo

জাতীয়

‘হাসিনার অবস্থান দিল্লির সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে না’

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট ২০২৪, ০৮:০০ পিএম

গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দিল্লির অবস্থানের ফলে দেশটির সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, শেখ হাসিনার দিল্লিতে দীর্ঘস্থায়ী অবস্থান বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে না।

সোমবার (১২ আগস্ট) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাসহ কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন এসব কথা বলেন। এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

ভারতে শেখ হাসিনার দীর্ঘস্থায়ী অবস্থান দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারে কি না সে বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক একটি বড় বিষয়। এটি পারস্পরিক স্বার্থের ওপর গড়ে ওঠে।’

আরও পড়ুন

শেখ হাসিনার ভারতে আশ্রয় নিয়ে যা বললেন শশী থারুর

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি একটি অনুমানমূলক প্রশ্ন। কেউ কোনো দেশে থাকলে কেন ওই দেশের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। এর কোনো কারণ নেই।’

তৌহিদ বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক স্বার্থ দ্বারা প্রভাবিত হয়। স্বার্থের ওপর ভিত্তি করে বন্ধুত্ব গড়ে ওঠে এবং এসব স্বার্থ আপস করা হলে তা টিকে না।’

পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশে যেমন ভারতের স্বার্থ আছে, তেমনি দিল্লিতে ঢাকার স্বার্থ আছে। তিনি বলেন, ‘আমরা আমাদের স্বার্থ রক্ষার চেষ্টা করব এবং ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

বাংলাদেশ অন্যান্য দেশের সাথে সকল চুক্তি বহাল রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

জেবি