Dhaka Mail Logo

জাতীয়

টোল ছাড়াই গাড়ি চলছে এক্সপ্রেসওয়েতে

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট ২০২৪, ১১:১৮ এএম

দেশের প্রথম উড়াল মহাসড়ক ঢাকা এলিভেডেট এক্সপ্রেসওয়েতে অনানুষ্ঠানিকভাবে যান চলাচল শুরু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার সময় এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী দুটি টোল প্লাজায় আগুন দেওয়া ঘটনা ঘটে। তারপর থেকেই এক্সপ্রেসওয়ে দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

কয়েকদিন পর এক্সপ্রেসওয়ে দিয়ে আবারও গাড়ি চলাচল শুরু হয়েছে। তবে টোল আদায় করার কেউ না থাকায় বিনা টোলেই চলছে গাড়ি।

শনিবার (১০ আগস্ট) রাজধানীর বনানী ও কুড়িল অংশে ঘুরে এমন দৃশ্য দেখা যায়। এসব অংশে দেখা গেছে, গাড়িগুলো বিমানবন্দর, কুড়িল ও বনানী র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছে। টোল প্লাজার বেশিরভাগ চেক পয়েন্ট বন্ধ থাকলেও একটি বা দুটি করে পয়েন্ট খোলা আছে। কিন্তু চেক পয়েন্টে কোনো মানুষ নেই। ফলে অনায়াসে কোনোপ্রকার টোল দেওয়া ছাড়াই গাড়িগুলো এক্সপ্রেসওয়েতে উঠছে। কিন্তু এসব যান থেকে নির্ধারিত টোল আদায় করতে কোনো কর্তৃপক্ষ ছিল না।

আরও পড়ুন

আঞ্চলিক যোগাযোগে ভূমিকা রাখবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

বনানীর চেয়ারম্যান বাড়িতে অবস্থিত এক্সপ্রেসওয়ের যে র‌্যাম্পটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেখানে দেখা যায়, টোলপ্লাজার পোড়া বুথগুলো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। গাড়িগুলো শৃঙ্খলাবদ্ধভাবে যেন প্রবেশ করতে পারে, কিছু মানুষ দাঁড়িয়ে সেই দায়িত্ব নিয়েছে। তবে টোল আদায় করা হচ্ছে না।

এর আগের তিন-চার দিনও এক্সপ্রেসওয়ে দিয়ে বিভিন্ন যান চলাচল করলেও সেগুলো অনিয়মতান্ত্রিক ছিল। ওই সময় কিছু অযান্ত্রিক যানের সঙ্গে মোটরসাইকেল, অটোরিকশাও চলাচল করেছে।

টোল ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে জানতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক এএইচএম সাখাওয়াত আখতারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এমআর