Dhaka Mail Logo

জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালামাল চুরি, গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ জুন ২০২৪, ০১:৪৬ পিএম

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালামাল চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ জুন) তেজগাঁও থানার বাউলবাগ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সাদ্দাম হোসেন (৩০) ও মো. মোরশেদ (২৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। 

আরও পড়ুন

ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ২১

তিনি জানান, গ্রেফতারকৃত সাদ্দাম ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করেন। সাদ্দাম ট্রাক ভাড়া করে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে ঘোরেন। এরপর সুযোগ বুঝে এক্সপ্রেসওয়ের বিভিন্ন মালামাল চুরি করেন। বৃহস্পতিবার এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তারক্ষীরা সিসিটিভিতে মালামাল চুরির বিষয়টি শনাক্ত করেন। সাদ্দাম এক্সপ্রেসওয়েতে উঠে সেখানে থাকা রোড ব্যারিয়ার চুরি করেন। পরে নিরাপত্তারক্ষীরা ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

সাদ্দাম পুলিশকে জানান, চুরি করা এসব মালামাল তিনি বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করেন৷

গ্রেফতার সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩ টি মামলা রয়েছে।

এমআইকে/এমএইচএম