নিজস্ব প্রতিবেদক
০৫ জুন ২০২৪, ০৫:২০ পিএম
চতুর্থ ধাপে ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে উপজেলা নির্বাচন। এখন ভোট গণনা চলছে। এই ধাপের চূড়ান্ত প্রার্থীদের ফলাফল ঘোষণার মাধ্যমে উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হতে যাচ্ছে আজ।
এর আগে বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে দেশের ৬০ উপজেলার ৫ হাজার ১৪৪টি ভোটকেন্দ্রে চতুর্থ ধাপের ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হয়।
নির্বাচন কমিশন জানায়, চতুর্থ ধাপে এবার উপজেলা চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী রয়েছেন।
আরও পড়ুন
৬০ উপজেলায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
এদের মধ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরের চেয়ারম্যান, রংপুরের বদরগঞ্জে ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইলের গোপালপুরে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় চার ধাপে ভোট হয়েছে এবার। প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হয়েছে গত ৮ মে। এসব উপজেলায় গড়ে প্রায় ৩৬ শতাংশ ভোট পড়েছে। প্রথম ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন নির্বাচিত হন।
দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলা নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ২২ জন। ২১ মে এই ধাপের নির্বাচনে ভোট পড়ে ৩৮ শতাংশ। তৃতীয় ধাপে মোট ১ হাজার ১৫২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৯ মে এই ধাপের নির্বাচনে ৩৫ শতাংশ ভোট পড়ে।
এইউ