images

জাতীয়

বাড়ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবিধা

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ ২০২৪, ০৩:০২ এএম

রাজধানীবাসীকে যানজটের দুর্ভোগ থেকে মুক্তি দিকে প্রায় মাস আগে উদ্বোধন করা হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে শুরুতে নগরবাসী পুরোপুরি সুবিধা পাচ্ছে না এই মেগা প্রকল্পের। এবার প্রকল্পটির কারওয়ান বাজার (এফডিসি) অংশে নামার সংযোগ সড়ক বা ডাউন র‌্যাম্প খুলে দেওয়া হচ্ছে। এতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবিধা বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ বুধবার (২০ মার্চ) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই র‌্যাম্প দিয়ে যান চলাচলের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই এই অংশ দিয়ে গাড়ি চলাচল শুরু হবে।

সংশ্লিষ্টরা জানান, এই র‌্যাম্প চালু হলে উত্তরা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসা গাড়ি মগবাজার, হাতিরঝিল ও কারওয়ান বাজার এলাকায় নামতে পারবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। র‌্যাম্পসহ এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট ৩১টি র‌্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে।

আরও পড়ুন

আঞ্চলিক যোগাযোগে ভূমিকা রাখবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ২ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। পরদিন বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেইট পর্যন্ত ১১ দশমিক ৫ কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়। ওই অংশে সব মিলিয়ে ১৫টি র‌্যাম্প ছিল। এবার খুলছে ষোড়শ র‌্যাম্প।

এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে আট হাজার ৯৪০ কোটি ১৮ লাখ টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে দুই হাজার ৪১৩ কোটি ৮৪ লাখ টাকা। বাকি ব্যয়ের মধ্যে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড ৫১ শতাংশ, চীন শ্যাংডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল গ্রুপ ৩৪ শতাংশ এবং সিনোহাইড্রো কর্পোরেশন ১৫ শতাংশ দিচ্ছে।

জেবি