লাইফস্টাইল ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম
দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়ার পর অনেকেরই পেট ফাঁপা, গ্যাস বা হজমের সমস্যা দেখা দেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে ল্যাক্টোজ় ইনটলারেন্স বলা হয়। এটিকে পুরোপুরি জিনগত বা বংশগত সমস্যা মনে করেন অনেকেই। তবে চিকিৎসকদের মতে, ল্যাক্টোজ় ইনটলারেন্স মূলত একটি পরিপাকজনিত সমস্যা। এর পেছনে জিনগত কারণের পাশাপাশি অন্যান্য শারীরিক বিষয়ও দায়ী।
ল্যাক্টোজ ইনটলারেন্স কী?

দুধে ‘ল্যাক্টোজ’ নামের এক ধরনের প্রাকৃতিক শর্করা থাকে। আমাদের ক্ষুদ্রান্ত্রে তৈরি হওয়া ‘ল্যাক্টেজ’ নামক এনজাইম এই শর্করাকে ভেঙে হজম করতে সাহায্য করে। তবে যাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে এই এনজাইমটি তৈরি হয় না তাদের শরীর ল্যাক্টোজ় হজম করতে পারে না। ফলে তা কোলনে গিয়ে অতিরিক্ত গ্যাস, পেট ফাঁপা ও ডায়েরিয়ার সৃষ্টি করে।
এটি কি জিনগত সমস্যা?
চিকিৎসকেরা ল্যাক্টোজ় ইনটলারেন্সের ধরনকে চার ভাগে ভাগ করেছেন। তবে এর সবই জিনগত নয়-
প্রাইমারি ল্যাক্টোজ ইনটলারেন্স: সাধারণ ধরন। এর পেছনে জিনের ভূমিকা রয়েছে। সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিকভাবেই শরীর ল্যাক্টেজ় উৎপাদন কমিয়ে দেয়।
সেকেন্ডারি ল্যাক্টোজ ইনটলারেন্স: এটি জিনগত নয়, তবে সাময়িক। পেটের কোনো সংক্রমণ, সেলিয়াক বা ক্রোহনস ডিজিজের কারণে ক্ষুদ্রান্ত্র ক্ষতিগ্রস্ত হলে সাময়িকভাবে এই সমস্যা হতে পারে। আবার অন্ত্র সুস্থ হলে এটি ঠিকও হয়ে যায়।
আরও পড়ুন: দুধ না খেলে যে অসুখ হতে পারে
কনজেনিটাল ল্যাক্টোজ ইনটলারেন্স: অত্যন্ত বিরল একটি জিনগত ত্রুটি। এই সমস্যায় ভোগা শিশুরা জন্ম থেকেই ল্যাক্টেজ় এনজাইম ছাড়া জন্মায়।
ডেভেলপমেন্টাল ল্যাক্টোজ ইনটলারেন্স: অপরিণত বা প্রিম্যাচিউর শিশুদের ক্ষেত্রে এটি সাময়িকভাবে দেখা যায় এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঠিক হয়ে যায়।
প্রধান লক্ষণ ও উপসর্গ
সাধারণত দুধ বা দুগ্ধজাতীয় খাবার খাওয়ার ৩০ মিনিট থেকে কয়েক ঘণ্টার মধ্যে পেট ফাঁপা ও পেটে মোচড় দেওয়া, অতিরিক্ত গ্যাসের সমস্যা, ডায়েরিয়া, বমি ভাব এবং পেটে গড়গড় শব্দ হওয়ার মতো লক্ষণগুলো প্রকাশ পায়।
মিল্ক অ্যালার্জির সঙ্গে ল্যাক্টোজ ইনটলারেন্সের পার্থক্য
ল্যাক্টোজ ইনটলারেন্সকে অনেকেই দুধে অ্যালার্জি হওয়ার সঙ্গে গুলিয়ে ফেলেন। মূলত মিল্ক অ্যালার্জি হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমের একটি প্রতিক্রিয়া যা বেশ বিপজ্জনক হতে পারে। আর ল্যাক্টোজ় ইনটলারেন্স সম্পূর্ণভাবে পরিপাকতন্ত্রের একটি সাধারণ সমস্যা মাত্র।
এএ