লাইফস্টাইল ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
ঘর থেকে অফিস আর অফিস থেকে ঘর—নারীদের জীবন এখন আর সেই চেনা ছকে সীমাবদ্ধ নেই। নারীরা এখন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকেই ক্যারিয়ার নিয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠছেন। তাই গৎবাঁধা সকাল ৯টা থেকে বিকেল ৫টার কর্পোরেট মিটিং আর প্রেজেন্টেশনের বাইরে গণ্ডি পেরিয়ে নারীরা এখন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে নিজস্ব ব্যবসার কাজেও শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতিনিয়ত ছুটে বেড়ান।

আর তাদের এই গতিময় পথচলায় বিশ্বস্ত ও সার্বক্ষণিক সঙ্গী হিসেবে থাকে হাতের ছোট ব্যাগটি। এই ব্যাগটি শুধু ফ্যাশন বা স্টাইলের একটি অনুষঙ্গই নয়। এটি তার আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার এক অদৃশ্য হাতিয়ার। এই ব্যাগে প্রয়োজনীয় সাজসজ্জার জিনিসের পাশাপাশি নিরাপত্তার জন্য রাখা যায় ছোটখাটো কিছু জরুরি কিটও। তাৎক্ষণিক যেকোনো পরিস্থিতি সাবলীলভাবে সামলে নিতে আপনার ব্যাগে রাখতে পারেন প্রয়োজনীয় এই জিনিসগুলো-
ডিজিটাল কিট: স্মার্টফোন এখন জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ হয়ে গেছে। তাই জরুরি মুহূর্তে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া মানেই বড় ধরনের বিপত্তির মুখে পড়া। এজন্য স্মার্ট নারীরা তাদের ব্যাগে সবসময় একটি কমপ্যাক্ট পাওয়ার ব্যাংক ও চার্জিং কেবল রাখেন। ফলে জরুরি প্রয়োজনে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার, মেইল পাঠানো বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়তে হয় না।
স্মার্ট ওয়ালেট: ঘরের বাইরে বের হলে ক্যাশ টাকার পাশাপাশি ডেবিট বা ক্রেডিট কার্ডের প্রয়োজন হতেই পারে। তাই একটি ছিমছাম কার্ডহোল্ডার বা ওয়ালেট ব্যাগের নির্দিষ্ট পকেটে রাখতে পারেন। এই ওয়ালেটে টাকা ও কার্ডের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, ইভিং লাইসেন্স বা অফিসের আইডি কার্ড গুছিয়ে রাখতে পারেন।
আরও পড়ুন: হ্যান্ড ব্যাগ কিনে ঠকছেন? গুরুত্ব দিন এসব বিষয়ে
স্যানিটারি ন্যাপকিন: নিদিষ্ট সময়ের আগে বা পরে হুট করে পিরিয়ড হয়ে যেতে পারে। হুট করে তৈরি হওয়া এ ধরনের যেকোনো পরিস্থিতি সামাল দিতে ব্যাগে কয়েকটি প্যাড রাখতে পারেন। এটি আপনার না হোক অন্য কোনো নারীর বিপদে কাজে লাগতে পারে। তাই এটি ব্যাগে থাকা বাধ্যতামূলক।
মিনি স্যানিটাইজার ও ওয়েট টিস্যু: গণপরিবহন ব্যবহার করার পর অথবা বাইরের যেকোনো কাজ শেষে চটজলদি জীবাণুমুক্ত হতে স্যানিটাইজার ও ওয়েট টিস্যুর প্রয়োজন হয়।
জরুরি ওষুধ ও ব্যান্ড-এইড: গ্যাস্ট্রিক, মাথা ব্যথা বা ওআরএস স্যাশের মতো সাধারণ সমস্যার পাশাপাশি নতুন জুতোর ফোস্কা পড়া এড়াতে ব্যাগে দুয়েক পিস ব্যান্ড-এইড রাখা উচিত।

গ্রুমিং কিট: নারীর ব্যাগে কয়েকটা গ্রুমিং কিট না থাকলে চলে? সারাদিনের ক্লান্তির ছাপ আত্মবিশ্বাসে পরিণত করে নিজেকে প্রেজেন্টেবল করে তুলতে হাল্কা মেকআপ ও টাচআপের জুড়ি নেই। তাই ব্যাগের এক কোণায় একটি ছোট চিরুনি, লিপবাম, পছন্দের শেডের লিপস্টিক এবং পকেট পারফিউম রাখাই যথেষ্ট। ক্লায়েন্ট মিটিং বা হঠাৎ কোনো জরুরি আড্ডায় অংশগ্রহণের আগে নিজেকে একটু পরিপাটি করে নিতে পারবেন সহজেই।
পিপার স্প্রে: নির্জন রাস্তা, লিফট বা রাতের বেলা ফেরার পথে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেদের সুরক্ষায় ব্যাগে পকেটে পিপার স্প্রে রাখা এখন সময়ের দাবি।
আরও পড়ুন: ফ্যাশনের অনুসঙ্গ এখন স্মার্টওয়াচ
কুইক নোটস ও ইনস্ট্যান্ট ফ্রেশনার: প্রযুক্তির এই যুগে এসেও একটি ছোট ডায়েরি ও কলমের প্রয়োজনীয়তা কমে যায়নি। ব্যাগের এই জিনিসগুলো আপনার স্মার্টনেসেরই লক্ষণ। কেননা, ফোনের চার্জ শেষ হয়ে গেলেও গুরুত্বপূর্ণ তথ্য বা আইডিয়া আপনার হাতের মুঠোতেই থাকবে।
মিন্ট বা মাউথ ফ্রেশনার: মুখে খাবারের গন্ধ এড়াতে তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য মিন্ট বা মাউথ ফ্রেশনার রাখা যেতে পারে।
সেইফটিপিন ও সুই সুতা: ব্যাগে ছোট একটি বক্সে সেইফটিপিন ও সুই-সুতা রাখা যেতে পারে। জরুরি প্রয়োজন এগুলো বেশ কাজে আসে।
প্রতিদিনের ব্যাগ গোছানোর স্মার্ট কিছু টিপস
প্রতি সপ্তাহে অন্তত একবার ব্যাগ পরিষ্কার করুন এবং অপ্রয়োজনীয় বিল, রসিদ বা কাগজের টুকরো ফেলে দিন।
_20260926_133851419.png)
ব্যাগের ওজন যেন আপনার শরীরের ওজনের ১০ শতাংশের বেশি না হয় সেদিকে খেয়াল রাখুন।
ব্যাগের ভেতরে লিক এড়াতে তরল জাতীয় জিনিস (যেমন পারফিউম বা স্যানিটাইজার) আলাদা একটি ছোট জিপলক ব্যাগে রাখুন।
ব্যাগ যত দামী বা বড়ই হোক না কেন ভেতরের জিনিসগুলো কতটা গোছানো এবং প্রয়োজনীয় সেটিই আপনার স্মার্টনেস প্রকাশ করে। একজন স্মার্ট ও স্বাধীনচেতা নারী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন। আর এই প্রস্তুতির প্রথম ধাপটি তার ব্যাগ গোছানো থেকেই শুরুই হয়।
এএ