images

লাইফস্টাইল

ভাড়াবাড়িকেই বানান রাজপ্রাসাদ: কম খরচে ৫ কার্যকর কৌশল

লাইফস্টাইল ডেস্ক

০২ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম

‘থাকতো যদি এই শহরে নিজের একটা বাড়ি, মনের রঙে রাঙিয়ে দিতাম দেয়ালটা তারই’ জনপ্রিয় গায়ক বাপ্পা মজুমদারের গাওয়া এই গানের মতো আমরাও চাই নিজের ঘরটিকে মনের মতো সাজাতে। তবে শহুরে জীবনে নিজের বাড়ি কেনা অনেকের কাছেই স্বপ্ন, আর ভাড়াবাড়িই বাস্তবতা। কিন্তু ভাড়াবাড়ির সীমাবদ্ধতাও কম নয়; ইচ্ছেমতো দেয়াল ভাঙা বা রঙ করা যায় না, এমনকি একটি পেরেক ঠুকতেও বাড়িওয়ালার অনুমতি লাগে।

তবে ঘর নিজের না হলেও, সেখানে কাটানো মুহূর্তগুলো একান্তই আপনার। সামান্য সৃজনশীলতা আর পকেটের ওপর চাপ না দিয়েও ভাড়াবাড়িকে দেওয়া যায় রাজকীয় রূপ। চলুন জেনে নিই কম খরচে ঘর সাজানোর ৫টি কার্যকর কৌশল-

১. আলোর খেলা ও ফেয়ারি লাইট

ভাড়াবাড়ির সাধারণ টিউবলাইটের সাদা আলো ঘরকে ফ্যাকাসে করে তোলে। আভিজাত্য বাড়াতে ‘লেয়ারড লাইটিং’ ব্যবহার করুন। সিলিং লাইটের পাশাপাশি ঘরের কোণে একটি ফ্লোর ল্যাম্প রাখুন। বাজেট কম হলে দেয়াল, আয়না বা বুকশেলফে জড়িয়ে রাখতে পারেন সোনালি বা রূপালি রঙের ফেয়ারি লাইট। এতে ঘরে তৈরি হবে মায়াবী ও আরামদায়ক পরিবেশ।

আরও পড়ুন: বারান্দা হোক মন ভালো করার ছোট্ট ভুবন

২. হালকা রঙের পর্দা ও বিছানার চাদর

ঘরের লুক পরিবর্তনে পর্দা ও বিছানার চাদর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাজেট কম থাকলে নেটের পর্দা বেছে নিতে পারেন। দেয়াল ও পর্দার রঙ কাছাকাছি এবং হালকা রাখার চেষ্টা করুন। একইভাবে হালকা রঙের চাদর ব্যবহার করলে ঘর বেশি আলোকিত ও প্রশস্ত মনে হয়। গাঢ় রঙ অনেক সময় ঘরকে ছোট ও ঘিঞ্জি দেখায়।

house-decoration-11

৩. দেয়াল না ফুটিয়েই ওয়াল আর্ট

ভাড়াবাড়ির দেয়ালে পেরেক মারা নিষেধ হলেও এখন সহজেই বিকল্প রয়েছে। উন্নতমানের আঠালো হুক ব্যবহার করে ফ্রেম বা হালকা ডেকর ঝোলাতে পারেন। এছাড়া বড় ওয়ালম্যাট বা ফেব্রিক আর্ট দিয়ে দেয়ালের পুরনো ভাব ঢেকে দেওয়া যায়। চাইলে নিজেই ক্যানভাসে অ্যাবস্ট্রাক্ট আর্ট তৈরি করে ব্যবহার করতে পারেন, যা আপনার রুচির স্বাক্ষর রাখবে।

আরও পড়ুন: কম বাজেটে ঘর সাজানোর ৮ ট্রিকস

৪. ইনডোর প্ল্যান্টে প্রাণের ছোঁয়া

ঘরকে সজীব ও নান্দনিক করে তুলতে গাছের ভূমিকা অনন্য। জানালার কিনারা, ঘরের কোণা বা পড়ার টেবিলে ছোট ইনডোর প্ল্যান্ট রাখুন। স্নেক প্ল্যান্ট, মনস্টেরা বা মানিপ্ল্যান্ট ঘরের বাতাস সতেজ রাখার পাশাপাশি দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করে। জায়গা কম হলে ঝুলন্ত গাছ ব্যবহার করতে পারেন। মাটির টব বা বাঁশের ঝুড়িতে গাছ রাখলে সৌন্দর্য আরও বাড়ে।

house-decoration-22

৫. আয়না ও কার্পেটের কৌশল

একটি বড় আয়না ঘরের চেহারা বদলে দিতে পারে। দেয়ালে ঝোলানো আয়না আলো প্রতিফলিত করে ঘরকে আরও প্রশস্ত ও উজ্জ্বল দেখায়। পাশাপাশি মেঝের টাইলস পছন্দ না হলে সেখানে নকশাদার কার্পেট বা শতরঞ্চি ব্যবহার করুন। এতে মেঝের খুঁত ঢাকার পাশাপাশি ঘরে আভিজাত্যের আবহ তৈরি হয়।

ঘর সুন্দর করে সাজাতে সবসময় দামী জিনিসের প্রয়োজন হয় না। সামান্য সৃজনশীলতা, রুচিবোধ এবং পরিচ্ছন্নতার মাধ্যমেই একটি সাধারণ ভাড়াবাড়িও হয়ে উঠতে পারে আপনার স্বপ্নের রাজপ্রাসাদ। তাই দেরি না করে নিজের মতো করে সাজিয়ে নিন আপনার আপন ভুবন।