লাইফস্টাইল ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম
শীত এলে তুষার পড়ুক আর না পড়ুক চুল নাড়াচাড়া করলেই সফেদ রঙা খুশকি ঝরে পড়ে অবিরাম। গাঢ় রঙের পোশাক পরলে কাঁধ আর পিঠে দেখা যায় তাদের রাজত্ব। হালকা রঙের পোশাক পরেও মুক্তি নেই। তখন উঁকি দিয়ে থাকে ঝরে পড়া চুল।
শীতকালে চুলের সমস্যা বেড়ে যায়। খুশকি, চুল পড়া, চুলের জেল্লা হারানোর মতো অনেক সমস্যাই দেখা দেয়। আর সব সমস্যার একটি সহজ সমাধান হলো তেল মালিশ। বহু যুগ আগে থেকেই নারীরা চুলের যত্নে কাজটি করে আসছেন। ২০২৪ সালে এসেও এর বিকল্প নেই।

চুলের সমস্যা সমাধানে মাথায় জবজবে করে তেল মালিশেরও দরকার নেই। অল্প তেল দিলেই চলবে। আবার তেল মাথায় দিলেই শ্যাম্পু করতে হয়। তাই অনেকে মাথায় তেল দিতে চান না। সব মিলিয়ে শীতে সবচেয়ে বেশি কাজে আসে হট অয়েল ম্যাসাজ। কী কী উপকারিতা মিলবে তাতে? চলুন জেনে নিই-
আরও পড়ুন- শীতে বাড়ে খুশকি, দূর করুন এসব উপায়ে
খুশকি দূর হবে
খুশকির অন্যতম কারণ শুষ্ক, ডিহাইড্রেট স্ক্যাল্প। এই সমস্যা দূর করে তেল। নিয়মিত চুলে তেল মালিশ করলে স্ক্যাল্পের আর্দ্রতা বজায় থাকে। ফলে কমে খুশকি ও চুলকানি। স্ক্যাল্পে পুষ্টি পৌঁছায় তেল মালিশ করলে।

চুলের গোড়া মজবুত হবে
নিয়মিত তেল মালিশ করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ফলে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায় এবং চুলের গোড়া মজবুত হয়। পাশাপাশি চুল দ্রুত গতিতে বৃদ্ধি পায়। লম্বা ও মজবুত চুল পেতে হবে নিয়মিত তেল মালিশ করতে হবে।
চুলের স্বাস্থ্য উন্নত হবে
নিয়মিত চুলে তেল মালিশ করলে চুলের স্বাস্থ্য উন্নত হয়। পাশাপাশি চুলের শুষ্ক ভাব দূর হয়। চুলের ডগা ভাঙা সমস্যা কিংবা ফ্রিজিনেস দূর করে তেল। শীতকালে নরম, কোমল চুল পেতে নিয়মিত তেল মালিশ করুন। এতে চুল ঝলমলে হয়ে উঠবে।

চুলে হট অয়েল ম্যাসাজ করার উপায়
তেল অল্প গরম করে মাথায় মালিশ করতে হবে। আঙুলের ডগা দিয়ে স্ক্যাল্প বা মাথার ত্বকে মালিশ করতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না। রাতে স্ক্যাল্পে হট অয়েল মালিশ করতে পারেন। চাইলে শ্যাম্পু করার ২ ঘণ্টা আগেও কাজটি করতে পারেন।
আরও পড়ুন- খুশকি তাড়াতে ভরসা রাখুন বেকিং সোডায়
চুলের যত্নে নারকেল তেল, অলিভ অয়েল, আমন্ড অয়েল, ভৃঙ্গরাজ তেল, জবা ফুল ও পাতার তৈরি তেল ইত্যাদি ব্যবহার করতে পারেন।