নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। এ মামলায় মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন।
মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- সোহেল রানা ও স্বপ্না খাতুন। তাদের করা আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য আসা ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে আদালত রায়ের এ দিন নির্ধারণ করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
মঙ্গলবার এ মামলার রায়ের মধ্য দিয়ে শিশু রামিসা হত্যা ও ধর্ষণের ঘটনায় বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপের নিষ্পত্তি হতে যাচ্ছে।
এমআর/এসআই