সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

সমালোচনার মুখে হাতকড়া, ভেস্ট ও হেলমেট পরিয়ে আদালতে জিয়াউল আহসান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

সমালোচনার মুখে হাতকড়া, ভেস্ট ও হেলমেট পরিয়ে আদালতে জিয়াউল আহসান
মেজর জেনারেল জিয়াউল আহসান

হাতকড়া ছাড়া আদালতে হাজির হওয়া এবং প্রিজনভ্যান থেকে সানগ্লাস পরে স্টাইল করে নামার ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে আবারও কঠোর নিরাপত্তাব্যবস্থায় আদালতে নেওয়া হয়েছে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে। 

দুই বছর আগের মতো হাতকড়া, বুলেটপ্রুফ ভেস্ট ও হেলমেট পরিয়ে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এর আগে দীর্ঘদিন তাকে তুলনামূলক স্বাভাবিক নিরাপত্তায় প্রিজনভ্যান থেকে হেঁটে আদালতে নিতে দেখা গেছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। কারাগারে যাওয়ার পর শুরুর দিকে প্রতিবারই তাকে হাতকড়া, ভেস্ট ও হেলমেট পরিয়ে আদালতে নেওয়া হতো। পরে ধীরে ধীরে নিরাপত্তার কড়াকড়ি কমানো হয়। একপর্যায়ে হাতকড়া ছাড়াই প্রিজনভ্যান থেকে নেমে হেঁটে আদালতে যেতেন তিনি।

তবে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় তার আচরণ ও অঙ্গভঙ্গি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। সেদিন সানগ্লাস পরে প্রিজনভ্যান থেকে নামার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তার চলাফেরার ধরন নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়।

এ ঘটনায় পরদিন রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সংসদ সদস্য ও গুমের শিকার এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। 

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া এবং তার আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। পুলিশ সদস্যদের আচরণও তার কাছে প্রটোকল দেওয়ার মতো মনে হয়েছে।

লুনা এ ঘটনায় উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে আদালতে নেওয়া প্রয়োজন, পরবর্তী সময়ে সেভাবেই নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে সোমবার আবারও হাতকড়া, ভেস্ট ও হেলমেট পরিয়ে জিয়াউল আহসানকে আদালতে হাজির করার মধ্য দিয়ে তার নিরাপত্তাব্যবস্থায় আগের কড়াকড়ি ফিরিয়ে আনা হলো। এর আগে নিরাপত্তার কড়াকড়ি কমানো এবং সর্বশেষ আদালতে তার উপস্থিতি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার পরপরই এ পরিবর্তন দেখা গেল।

এমআর/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর