নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ০৩:১০ পিএম
স্লিপার বাস চলাচলের নীতিমালা না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নীতিমালা করার নির্দেশনা কেন দেওয়া হবে না তা রুলে জানতে চাওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, পুলিশের আইজিপিসহ সংশ্লিষ্ট ৯ বিবাদীকে আগামী ছয় সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এর আগে, গত ২ নভেম্বর ১৯ জন স্লিপার বাস মালিক এ রিট আবেদন করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। তিনি রিট শেষে বলেন, ‘স্লিপার বাসের নীতিমালা করার যে নিষ্ক্রিয়তা, সেটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নীতিমালা করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল দিয়েছে।’
রিট মামলার প্রেক্ষাপট তুলে ধরে এই আইনজীবী বলেন, ‘সরকার অলরেডি নীতিমালা করে তা সাপ্রেস করে রেখে দিয়েছিল। এই নীতিমালার অভাবেই স্লিপার বাসগুলো এখন ইলিগ্যাল বা আনঅথরাইজড হয়ে বসে আছে। নীতিমালা হলে এগুলো আইনের আওতায় আসবে। আমরা মূলত নীতিমালার নির্দেশনা চেয়েই রিটটি করেছিলাম।’
আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল তারা স্লিপার বাস সড়কে চালাতে চায়।
তিনি আরও বলেন, আমি আদালতে বলেছি সড়ক পরিবহণ আইন ২০১৮-এর ধারা ৪০-এ বলে দেওয়া রয়েছে যদি টেকনিক্যাল স্পেসিফিকেশন কেউ ভায়োলেশন করে, তাহলে সেটা সেকশন ৮৪ দ্বারা পানিশেবল অফেন্স। এর সর্বোচ্চ শাস্তি হলো ৩ বছর এবং ৩ লাখ টাকা জরিমানা। এছাড়া সেকশন ২৮, সড়ক পরিবহন আইনে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে—রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না।
আদালতের বরাত দিয়ে আইনজীবী রফিকুল ইসলাম বলেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে। আর স্লিপার বাস চালানোর তো পারমিশন নেই। হাইকোর্টও পারমিশন দেয়নি।