Dhaka Mail Logo

আইন-আদালত

হানিফসহ ৪ জনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পিএম

জুলাই আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের এই দিন ধার্য করেন। 

মামলার অপর তিন আসামি হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

আসামিরা সবাই বর্তমানে পলাতক থাকায় তাদের পক্ষে সরকারি খরচে নিয়োজিত (স্টেট ডিফেন্স) আইনজীবী আমির হোসেন মামলাটি পরিচালনা করেন।

এদিন আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, জহিরুল আমিন ও সহিদুল ইসলাম সরদার।

এর আগে, গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি খণ্ডন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল। তার আগে ৫ অক্টোবর প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে চার আসামিরই সর্বোচ্চ সাজা চাওয়া হয়।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন হানিফ। আন্দোলন দমনে সরকারের নেওয়া সিদ্ধান্তে তার সম্পৃক্ততা ছিল এবং একজন বেসামরিক নেতা হিসেবে অধীনস্তদের মাধ্যমে তিনি এসব বাস্তবায়ন করেছেন। টেলিফোনে কুষ্টিয়ার তৎকালীন এসপি, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের হত্যাযজ্ঞ চালানোর নির্দেশনা দিয়েছিলেন তিনি, যার অডিও ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।’

তিনি আরও বলেন, একই ধরনের অপরাধে দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের সর্বোচ্চ সাজা হয়েছে। ফলে সমপর্যায়ের অপরাধের দায়ে হানিফসহ এই আসামিদেরও দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে, ৬ অক্টোবর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়।

মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। একপর্যায়ে গত ১০ জুন যুক্তি খণ্ডন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। তবে রাষ্ট্রপক্ষ নতুন কিছু তথ্যপ্রমাণ আদালতে দাখিল করায় ট্রাইব্যুনাল পুনরায় উভয়পক্ষের যুক্তিতর্ক শোনেন।

আসামিদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে উসকানিমূলক বক্তব্য প্রদান, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

আরএনবি/এসআই