Dhaka Mail Logo

আইন-আদালত

আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পিএম

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে বর্তমানে আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত আগামী ১ জানুয়ারি ২০৩০ তারিখ থেকে কার্যকর হবে।

গতকাল সোমবার বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের গত ১৯ আগস্ট অনুষ্ঠিত কাউন্সিল সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে আরও বলা হয়, বর্তমানে এলএলবি অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে নির্ধারিত এই সর্বোচ্চ বয়সসীমা আগামী ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে।

তদনুযায়ী, উল্লিখিত তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী সব কার্যক্রমে নির্ধারিত এ বয়সসীমা অনুসরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণের সুপারিশ করে বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটি। ২০২৪ সালের ৬ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের প্রেক্ষাপটে কমিটি এ বিষয়ে যৌক্তিক বয়সসীমা নির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরে।

কমিটির মতামতে বলা হয়, আইন পেশার মর্যাদা ও দক্ষতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি পেশাগত সম্পৃক্ততা নিশ্চিত করা এবং পেশাকে আরও গতিশীল রাখার লক্ষ্যে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা সমীচীন।

পরে কমিটির প্রস্তাব ও সুপারিশ গত ১৯ আগস্ট বার কাউন্সিলের সভায় উপস্থাপন করা হলে উপস্থিত সদস্যরা সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের বিষয়ে একমত হন।

বর্তমানে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর ২৭ (১)(খ) অনুচ্ছেদ অনুযায়ী, আইন পেশায় প্রবেশের ন্যূনতম বয়স ২১ বছর। এত দিন আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে নির্দিষ্ট সর্বোচ্চ বয়সসীমা ছিল না। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে আইন পেশায় প্রবেশের ক্ষেত্রে ন্যূনতম বয়সের পাশাপাশি সর্বোচ্চ বয়সসীমাও প্রযোজ্য হবে।

এছাড়াও সংবিধানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা নির্ধারিত রয়েছে। তবে অ্যাটর্নি জেনারেলসহ আইনজীবীদের পেশা থেকে অবসরের বিষয়ে নির্দিষ্ট কোনো বয়সসীমা আইন দ্বারা নির্ধারিত নেই।

আরএনবি/এআরএম