Dhaka Mail Logo

আইন-আদালত

আইনজীবীদের আসন সংকট দ্রুত নিরসনের আশ্বাস প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম

সুপ্রিম কোর্টের আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে বসার স্থান সংকটসহ বিদ্যমান অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে সমিতির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাৎকালে আইনজীবীদের তীব্র আসন সংকটের বিষয়টি তুলে ধরে সমিতি কর্তৃপক্ষ। সম্পাদক মোহাম্মদ আলী জানান, সংকট নিরসনে ২০২০ সালে ‘ভবন-২০২০’ নামে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ ও কাজ শুরু হয়েছিল।

এ সময় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতিকে জানান, তিনি যখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন, তখন তৎকালীন প্রধান বিচারপতির অনুমোদন নিয়ে প্রকল্পটি শুরু করা হয়েছিল। তবে পরবর্তীতে রাজনৈতিক কারণে তা আর এগোয়নি।

প্রকল্পটি পুনরায় চালুর বিষয়ে সমিতির পক্ষ থেকে অনুরোধ জানানো হলে প্রধান বিচারপতি ইতিবাচক সাড়া দেন। তিনি বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে ভবন নির্মাণ সংক্রান্ত যাবতীয় নকশা ও প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেন।

এ ছাড়া আইনজীবীদের সুবিধার জন্য আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট লাউঞ্জ সম্প্রসারণের প্রস্তাবেও সম্মতি জানান প্রধান বিচারপতি। একই সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণের চলাচলের রাস্তা, করিডোর ও ড্রেনেজ ব্যবস্থার ভঙ্গুর অবস্থা সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

আইনজীবীদের নামাজের স্থান সংকটের বিষয়ে প্রধান বিচারপতি অভিমত প্রকাশ করেন, ‘ভবন-২০২০’ প্রকল্প বাস্তবায়িত হলে আইনজীবীদের বসার জায়গাসহ নামাজের স্থানের সংকটও অনেকাংশে কেটে যাবে।

ভবিষ্যৎ প্রজন্মের আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সামগ্রিক উন্নয়নে এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান প্রধান বিচারপতি। আইন পেশার মর্যাদা অক্ষুণ্ণ রেখে বিচারক ও আইনজীবীদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় রাখার ওপরও তিনি জোর দেন।

বৈঠকে দীর্ঘ অবকাশ শেষে রোববার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু উপলক্ষে বিচারপতি ও আইনজীবীদের মধ্যকার ঐতিহ্যবাহী সৌজন্য মিলনমেলা সফল করার বিষয়েও আলোচনা হয়।

মতবিনিময়কালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. রেজাউল হক, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অনিকা আর হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী এবং আইনজীবী সমিতির সহ-সভাপতি ও সহ-সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএনবি/এআরএম