Dhaka Mail Logo

আইন-আদালত

বিচারাঙ্গনে দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়সহ বিচারাঙ্গনের কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতি দেখলে তা বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নিজের পেশাগত জীবনে সাংবাদিকতা করার অভিজ্ঞতার কথা তুলে ধরে অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সাংবাদিকদের সুখ-দুঃখ, কষ্ট-বেদনা কিছুটা হলেও বোঝার চেষ্টা করি। তবে সুপ্রিম কোর্টে যারা সাংবাদিকতা করেন, তাদের চোখে যদি অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট প্রশাসনের কোনো অনিয়ম-অনাচার বা দুর্নীতি পরিলক্ষিত হয়, তাহলে সংবাদটি বস্তুনিষ্ঠ আকারে জাতির সামনে উপস্থাপন করতে হবে।’

সাংবাদিকদের প্রতিবেদনের সুফল পাওয়ার কথা উল্লেখ করে রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, ‘অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার পর আদালতকেন্দ্রিক বেশ কয়েকটি বিষয় নিয়ে আপনারা সংবাদ প্রচার করেছেন। এর কিছু কার্য সুফল আমরা পেয়েছি।’

একটি উদাহরণ দিয়ে রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘এক বিচারপ্রার্থী একই পিটিশন তিনটি আদালতে দায়ের করেছেন। এর আগেও হাইকোর্টের একটি বেঞ্চে স্থগিতাদেশ দেওয়ার পর রিকল করেছিল। এরপরও বিচারপতিদের বদান্যতার সুযোগ নিয়ে তৃতীয় আদেশটি হাসিল করেছেন। আমি সংশ্লিষ্ট আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি যে, এটা গুরুতর পেশাদারিত্বের অসদাচরণ। আদালত অপেক্ষা করছেন যে ফাইলগুলো আনার পরই পরবর্তী আদেশ দেবেন।’

অনিয়ম তুলে ধরার পাশাপাশি আদালতের ইতিবাচক খবরও প্রচারের তাগিদ দেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘অতি সম্প্রতি প্রধান বিচারপতির কর্মতৎপরতার কারণে আপিল বিভাগে ও হাইকোর্টে হাজারও মামলা নিষ্পত্তি হয়েছে। শুধুমাত্র নেতিবাচক সংবাদ প্রচার নয়, বিচারাঙ্গনে যেসব মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়, সেসবও জাতির সামনে তুলে ধরতে হবে। সঠিক তথ্য মানুষ জানুক, আদালত সম্পর্কে কোনো ভুল বার্তা যাক, সেটা আমরা চাই না।’

এর আগে দুপুরে সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে থেকে এসআরএফ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মূল ভবনের সামনে এসে শেষ হয়। পরে কেক কেটে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করেন অ্যাটর্নি জেনারেল।

এসআরএফ সভাপতি মো. দিদারুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী এবং জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এ সময় উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. নুরুল আমিন বিপ্লব, আপিল বিভাগের রেজিস্ট্রার, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার), ডুলা সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী শেখ আলী আহমেদ খোকন, বাংলাদেশ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মাহিন এম রহমান, ব্যারিস্টার এইচএম সানজিদ সিদ্দিকী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জহিরুল আমিন, মঈনুল করিম এবয় তারেক আবদুল্লাহসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং আদালতসংক্রান্ত সংবাদ দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে পাঠকদের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে ২০২৪ সালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু হয়।

দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরএনবি/এমআই